বোদা এলজিইডি
ঘুসের টাকাসহ প্রকৌশলী আটক, মুচলেকায় মুক্ত
Advertisement
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়কের কাজ তদারকির সময় স্থানীয়দের হাতে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নুরই আকরাম ঘুসের দেড় লাখ টাকাসহ আটক হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ নিয়ে রাতভর চলে নানা নাটকীয়তা। পরে বিষয়টি পানিসম্পদ প্রতিমন্ত্রী পর্যন্ত গড়ায়। এরপর টাকার বিষয়ে কারও অভিযোগ না থাকায় অবশেষে তাকে বৃহস্পতিবার গভীররাতে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। আরেক প্রকৌশলী ফিরোজুর রহমান পুলিশ হেফাজত থেকে তাকে নিজের জিম্মায় নেন। তবে ঘুসের টাকার বিষয়টি অস্বীকার করেছেন প্রকৌশলী আকরাম।
এর আগে রাস্তার নিম্নমানের কাজ নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রকৌশলী নুরই আকরামকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। তার কাছে দেড় লাখের মতো টাকা ছিল। ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য সঙ্গে রেখেছিলেন।
বোদা থানার ওসি সোয়েল রানা বলেন, আটককৃত টাকার বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় লিখিত মুচলেকা নিয়ে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এলজিইডির আওতাধীন সাকোয়া-নয়াদিঘী ভায়া বোয়ালমারী পাকা সড়কের নির্মাণকাজের মান নিয়ে তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন। কিন্তু ওই সড়কের তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী নুরই আকরাম বিষয়টি কানেই নিচ্ছিলেন না। বৃহস্পতিবার বিকালে সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা নিয়ে তার সঙ্গে স্থানীয়দের তুমুল বাগ্বিতণ্ডা হয়। খবর পেয়ে পুলিশ এসে প্রকৌশলীকে তল্লাশি করলে তার কাছে থাকা ১ লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করে। জিজ্ঞাসা করলে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন। পরে পুলিশ থাকে হেফাজতে নেয়। তবে টাকাগুলো তার ব্যক্তিগত বলে দাবি করেন।
এ ব্যাপারে এলজিইডির বোদা উপজেলা প্রকৌশলী রেজাউর রহমান বলেন, বিষয়টি বিভাগীয়ভাবে তদন্ত করা হবে। এলজিইডির পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাইনুল ইসলাম বলেন, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
