উলটো পথে যাত্রা
বাইকে ট্রাকের ধাক্কায় ৩ বন্ধু নিহত
ফরিদপুরে মা-ছেলেসহ ৫ প্রাণহানি * গাজীপুরে এসআই ও বিএনপি নেতা নিহত
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় তিন বন্ধু নিহত হয়েছেন। ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে আধা ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ প্রাণ গেছে পাঁচজনের। এদিকে গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানচাপায় পুলিশের উপপরিদর্শক (এসআই) ও এক বিএনপি নেতা প্রাণ হারিয়েছেন। আরও পাঁচ জেলায় সড়কে ছয়জনের প্রাণ ঝরেছে। তাদের মধ্যে কক্সবাজারের চকরিয়ায় দুজন, খাগড়াছড়ির পানছড়িতে শিশু, চট্টগ্রামের পটিয়ায় পথচারী, নাটোরের বড়াইগ্রামে যুবক ও মাদারীপুরে ব্যবসায়ী রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
নারায়ণগঞ্জ : নিহতরা হলেন-রূপগঞ্জ ইউনিয়নের আলমপুর দীঘিরপাড় গ্রামের আক্তার মিয়ার ছেলে রুদ্র মিয়া, দক্ষিণবাগ বেইলারটেক গ্রামের কামাল হোসেনের ছেলে ইয়ামিন ও রাজধানীর বাড্ডার জিল্লুর রহমানের ছেলে শ্রাবণ মিয়া। বৃহস্পতিবার রাতে পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জের সুলপিনা ভূঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রূপগঞ্জ থানার ওসি সালাউদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকালে তিন বন্ধু নিবন্ধনহীন মোটরসাইকেলে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হন। একপর্যায়ে তারা ভূঁইয়াবাড়ি ব্রিজের সার্ভিস লেন দিয়ে উলটো পথে যাওয়ার সময় অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু ইয়ামিন ও রুদ্র মিয়া নিহত হন। অপর বন্ধু শ্রাবণ মিয়া আহত হন। শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফরিদপুর : শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ও অটোরিকশার উপর পড়ে। এতে নিহত হন-মাগুরার মহম্মদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের সুমি বেগম ও তার ছেলে শাওন। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের তেঁতুলতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এর আগে বেলা ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার আরকান্দি এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ (গাজীপুর) : সড়কের পাশে দাঁড়িয়ে কথা বলার সময় কাভার্ডভ্যানচাপায় নিহতরা হলেন-কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান ও তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে রফিক মোল্লা। তিনি কালীগঞ্জ পৌরসভা বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। শুক্রবার ভোরে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে।
বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত মিঠুন হোসেন নাটোরের হয়বতপুর সৈয়দমোড় এলাকার ইব্রাহিম মণ্ডলের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। শুক্রবার উপজেলার থানার মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
চকরিয়া (কক্সবাজার) : শ্যামলী পরিবহণের বাস ও সবজিবাহী পিকআপের সংঘর্ষে নিহতরা হলেন-কক্সবাজারের টেকনাফের হ্নীলা ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আবদুল্লাহ ও মাতামুহুরী উপজেলার সাহারবিল রামপুর এলাকার দুলালের ছেলে ইয়াছিন। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সবুজ পাহাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
খাগড়াছড়ি : চলন্ত সিএনজিচালিত অটোরিকশার চাকা খুলে দুর্ঘটনায় নিহত শিশুর নাম তানিয়া আক্তার। শুক্রবার পানছড়ি উপজেলার লতিবান প্রিন্সিপালপাড়া সড়কে দুর্ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম : রাস্তা পার হতে গিয়ে পিকআপভ্যানচাপায় নিহত বন সর্দার পটিয়ার কচুয়াই ইউনিয়নের সর্দারপাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার জলুরদীঘি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
টেকেরহাট (মাদারীপুর) : সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নিহত সেলিম হাওলাদার মাদারীপুর পৌরসভার বাগেরপাড় এলাকার মৃত নাজিম উদ্দীন হাওলাদারের ছেলে। শুক্রবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
