নামাজ পড়া নিয়ে বিরোধ
আখাউড়ায় ভাঙা হলো মসজিদ, উত্তেজনা
Advertisement
আখাউড়া প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নতুন ও পুরোনো দুটি মসজিদে নামাজ আদায়কে কেন্দ্র করে দুপক্ষের মতবিরোধের জেরে পুরোনো মসজিদ ভেঙে দিয়েছেন নতুন মসজিদ পক্ষের লোকজন। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের আইড়ল গ্রামের এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
গ্রামের নবনির্মিত ও পুরোনো দুটি মসজিদে নামাজ আদায়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার গ্রামের উভয়পক্ষ দুই মসজিদে পৃথকভাবে জুমার নামাজ আদায় করে। নামাজের পর নতুন মসজিদের পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পুরোনো মসজিদটি ভেঙে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে এর আগে আইড়ল গ্রামের পশ্চিমপাড়ার নতুন মসজিদের লোকজন গ্রামের পুরোনো মসজিদের পূর্বপাড়ার লোকজনের ওপর হামলা চালায়। হামলায় অন্তত কয়েকজন আহত হয়। শুক্রবারের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল আহমেদ যুগান্তরকে জানান, এটি মুসমান হয়ে অমুসলিমের মতো আচরণ করা হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মসজিদ ভাঙা মানে আল্লাহর ঘর ভাঙা, এটি মেনে নেয়া যায় না।
আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম জানান, দুপক্ষের মতবিরোধ থাকতে পারে। কিন্তু মসজিদ যারা ভেঙেছে তাদের হাত ভেঙে দেয়া হবে। আইনগত ব্যবস্থা চলমান। অপরাধীদের স্থান কারাগারে হবে বলেও তিনি জানিয়েছেন। আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে মসজিদ ভেঙে দেয়াটা ঠিক হয়নি।
