ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু হাসপাতালে ১২৯৯
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এডিস মশার প্রজনন মৌসুমে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। সারা দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুজ্বর আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন। এ রোগে শুক্রবার সকাল পর্যন্ত ৩৭১ জনের প্রাণ গেছে। আর হাসপাতালে মোট ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৮০১ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরে দুজন এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের বাইরে একজন মারা গেছে। অন্যদিকে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৩১ জন রয়েছেন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৭৪ জন। অন্য বিভাগের মধ্যে বরিশালে ১৫৯ জন, চট্টগ্রামে ২১৯ জন, খুলনায় ১৪৭ জন, ময়মনসিংহে ১০০, রাজশাহী ১১৩, রংপুরে ৩৮ এবং সিলেটে একজন ভর্তি হয়েছেন।
এ বছর ডেঙ্গুতে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন এবং অক্টোবরে ১২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৮ শতাংশ নারী।
এদিকে রাজধানীর একাধিক সরকারি-বেসরকারি হাসপাতালে খোঁজ নিয়ে চিকিৎসা নিতে আসা ডেঙ্গু রোগীর ভিড় দেখা গেছে। রোগীর চাপে শয্যা সংকুলান না হওয়ায় অনেক রোগীকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের মেঝে ও করিডরে শয্যা পেতে চিকিৎসা নিতে দেখা গেছে। হাসপাতালসংশ্লিষ্টরা যুগান্তরকে জানিয়েছেন, বরাদ্দকৃত শয্যার তুলনায় অনেক বেশি রোগী ভর্তি থাকছেন।
