কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
ছাত্রদলের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ
Advertisement
জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। নবগঠিত আহ্বায়ক কমিটিতে ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মীদের অন্তর্ভুক্তির অভিযোগ ও ব্যক্তিগত বিরোধ কেন্দ্র করে এ সংঘর্ষ ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, মঙ্গলবার রাতে ছাত্রদলকর্মী সাব্বির ও আবু সাঈদের ব্যক্তিগত বিরোধ কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি সমাধানের জন্য ছাত্রদলের সিনিয়র নেতারা সদস্য সচিব মারুফ হাসান (মামুন সরকার)-এর উপস্থিতিতে উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। একপর্যায়ে যুগ্ম আহ্বায়ক ইসরাফিল হোসাইনসহ কয়েক নেতার সঙ্গে রাব্বি নামে এক কর্মীর বাগ্বিতণ্ডা ও অসৌজন্যমূলক আচরণ কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তা হাতাহাতি ও মারধরের ঘটনায় রূপ নেয়। এর জেরে পরদিন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ডাইনিংয়ে খাবার খাওয়ার সময় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী রাব্বির ওপর প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। নবগঠিত বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার মাত্র ২০ দিনের মাথায় এমন ঘটনা সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে নিয়ে এসেছে। এদিকে ছাত্রদলের একটি পক্ষের অভিযোগ, নবগঠিত কমিটিতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ও বহিষ্কৃত কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি।
