কালীগঞ্জে রাশেদ খানের সংবর্ধনা শেষে শ্রমিক দল নেতাকে মারধর
Advertisement
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঝিনাইদহের কালীগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খানের সংবর্ধনা অনুষ্ঠান শেষে মাসুদ রানা নামে এক শ্রমিক দল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার মাসুদ ঝিনাইদহ জেলা শ্রমিক দলের সদস্য বলে জানা গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সরকারি সফরে ঝিনাইদহ আসেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এদিন বিকালে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় ভূষণ স্কুলসংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এরপর মঞ্চে শ্রমিক দল নেতা মাসুদ ও আশরাফুজ্জামান লালের মধ্যে ফ্যানের সুইচ দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। রাত সাড়ে ৯টার দিকে সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিরা স্থান ত্যাগ করেন। এরপর রাত ১০টার দিকে মাসুদ অডিটোরিয়াম থেকে বাইরে বের হয়ে এলে তার ওপর কয়েকজন হামলা করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভূষণ স্কুলের সামনে কয়েকজন মাসুদকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারছে। একপর্যায়ে তিনি সেখান থেকে দৌড়ে স্থান ত্যাগ করেন।
শ্রমিক দল নেতা মাসুদ বলেন, সংবর্ধনা অনুষ্ঠান মঞ্চে আশরাফুজ্জামানের সঙ্গে ফ্যানের সুইচ দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। পরে অতিথিরা চলে গেলে আমিও বাড়ি যাওয়ার উদ্দেশে বের হই। পরে আশরাফুজ্জামানসহ কয়েকজন আমাকে মারধর করে। বিষয়টি লিখিতভাবে জেলা বিএনপির সাধারণ সম্পাদককে জানিয়েছি। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে জানতে আশরাফুজ্জামানের মোবাইল ফোনে কল দিলে তিনি তা রিসিভ করেননি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আমরা একসঙ্গে অনুষ্ঠানস্থল ত্যাগ করি। কাউকে মারধরের ঘটনা ঘটেছে বলে জানা নেই। এ বিষয়ে কেউ অভিযোগও করেনি।
