যুক্তরাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্র বাংলাদেশের অতি জরুরি ঘনিষ্ঠ বন্ধু : তথ্যমন্ত্রী
বরিশাল ব্যুরো ও গৌরনদী প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতা ও সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বাংলাদেশেও তিনি পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ধর্মীয় স্বাধীনতার এই চর্চা অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।
সোমবার বরিশালের গৌরনদীর ক্যাথলিক চার্চের হলরুমে আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিতে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেন সংলাপে অংশ নেওয়া মুসলিম, হিন্দু ও খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতারা।
সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ করতে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক স্থিতিশীলতা দরকার উল্লেখ করে বলেন, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র অতি জরুরি ও ঘনিষ্ঠ বন্ধু। তিনি বলেন, আমাদের দেশের শ্রমিকরা যে গার্মেন্ট সামগ্রী উৎপাদন করে তা বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। এর মধ্যে একক দেশ হিসাবে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।
দুই দিনব্যাপী বরিশাল ও ঝালকাঠি সফরের শেষদিনে দুই জেলার বিভিন্ন দর্শনীয় স্থান, ঐতিহাসিক মসজিদ, মন্দির, গির্জা এবং আটঘর কুড়িয়ানার পেয়ারাবাগান পরিদর্শন করেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
গৌরনদী ক্যাথলিক চার্চে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সঙ্গে আন্তঃধর্মীয় সংলাপে চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, ধর্মীয় নেতা মাওলানা আসাদুজ্জামান, যতীন্দ্রনাথ মিস্ত্রি, ফাদার মাইকেল দেউরি প্রমুখ।
সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, মুসলিম, হিন্দু, খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সংলাপ শেষে রাষ্ট্রদূত দুপুরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদী উপজেলার শরিকলের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত রাষ্ট্রদূত : বরিশাল সফরের দ্বিতীয় দিনে সোমবার রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন মধ্যাহ্নভোজে অংশ নেন তথ্য ও সম্প্রচারমন্ত্রীর গৌরনদীর বাসভবনে। সেখানে থাকা তথ্যমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, কুটনৈতিক ব্যস্ততা ও আনুষ্ঠানিকতার বাইরে এ মধ্যাহ্নভোজ পরিণত হয় বরিশালের মাটি, মানুষ ও দেশীয় ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে আন্তরিক পরিচয় পর্বে। দুপুরের আয়োজনে বরিশালের ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ ইলিশসহ নানা ধরনের মাছ, বিভিন্ন রকম ভর্তা-ভাজি এবং গ্রামবাংলার চিরচেনা দেশীয় খাবার পরিবেশন করা হয়। নানা পদের আয়োজনের মধ্য দিয়ে অতিথির সামনে তুলে ধরা হয় বাংলার চিরায়ত অতিথিপরায়ণতা ও ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতির স্বতন্ত্র আঞ্চলিক রূপ। মধ্যাহ্নভোজের শেষে মিষ্টান্ন হিসাবে পরিবেশন করা হয় গৌরনদীর বিখ্যাত শচীন ঘোষের রসমালাই, দধিসহ নানা ঐতিহ্যবাহী মিষ্টি।
