সড়কে ঝরল ৯ প্রাণ বাইক আরোহীই ৫
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সড়ক দুর্ঘটনায় নয়জন প্রাণ হারিয়েছেন। বুধবার ও আগের দিন এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ঢাকার যাত্রাবাড়ীতে অটোরিকশাচালক, বগুড়া ও ব্রাহ্মণবাড়িয়ায় চার বাইক আরোহীসহ পাঁচজন, ফরিদপুরে শিক্ষার্থী এবং নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে দুই বৃদ্ধা রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা : যাত্রাবাড়ীর রায়েরবাগে বাসের ধাক্কায় অটোরিকশাচালক মাসুম মিয়ার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় কাতারগামী দুই প্রবাসীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে রায়েরবাগের বাসস্ট্যান্ডসংলগ্ন একটি সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোচালক মাসুম বরিশালের উজিরপুর উপজেলার হারুন হাওলাদারের ছেলে। আহতরা হলেন-কাতারগামী যাত্রী কাওসার হোসেন রুবেল ও আল-আমিন এবং তাদের বিমানবন্দরে বিদায় জানাতে আসা স্বজন বশির। আহত দুই প্রবাসীর বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়।
বগুড়া : ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুরে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মোটরসাইকেল চালক উজ্জ্বল সরকার ও আরোহী শিকর। তাদের দুজনের বাড়ি ধুনট উপজেলার বানিয়াজান ইউনিয়নে। এদিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে বাস-ইজিবাইক সংঘর্ষে চালক সাখাওয়াত হোসেন নিহত হয়েছেন। বুধবার সকালে মাঠের পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া : কসবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার বিনাউটি ইউনিয়ন ও পৌর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা গ্রামের আ. ছালাম ও কসবা উপজেলার আকছিনা পূর্বপাড়া এলাকার শাওন।
ফরিদপুর : মধুখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক সাইফ আহমেদ চন্দন মুন্সির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে মধুখালী-আরকান্দি সড়কের ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। সাইফ উপজেলার বাগাট ইউনিয়নের আরকান্দি গ্রামের মুন্সি বেনজির আহমেদের ছেলে। তিনি ফরিদপুর কৃষি কলেজের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
মহাদেবপুর (নওগাঁ) : মহাদেবপুরে ট্রাকচাপায় বৃদ্ধা মজিরন বেওয়ার মৃত্যু হয়েছে। মজিরন বেওয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত লাটু বক্স সরদারের স্ত্রী। বুধবার সকালে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের শিবপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা শ্রীমতির মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার চৌডালা-কানসাট আঞ্চলিক সড়কের রানাবাজারে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের দাঁড়াবাজ গ্রামের সুরেন হালদারের স্ত্রী।
