সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ সাত জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে উত্তপ্ত গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে ৫৬ প্লাটুন। পাশাপাশি দিনাজপুরের হিলি ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বাহিনীটি। বুধবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৮, ময়মনসিংহের ভালুকায় ২, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে ৩ এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া আরও চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
হাকিমপুর (দিনাজপুর) : হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। টহল জোরদারের পাশাপাশি সিসি ক্যামেরা, ড্রোন ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে নাশকতার আশঙ্কা নিয়ে গুজব ছড়িয়েছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে সার্বিক নিরাপত্তাব্যবস্থা উন্নত করা হয়েছে।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় বুধবার সকাল থেকে বিজিবির তৎপরতা বেড়েছে। টহল ও মহড়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন সদস্যরা। বিভিন্ন গোয়েন্দা সংস্থাও সাদা পোশাকে নজরদারি বাড়িয়েছে।
