ইউপি নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ আসনে ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এ সময় তিনি আরও জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। তালিকা অনুযায়ী দেশে এখন ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। তারা আসন্ন ইউপি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ-সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেন। তাই ১৭ নভেম্বর আসনটি শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শূন্য এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয় বুধবার।
ঘোষিত তফসিল অনুযায়ী, এ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৭ ডিসেম্বর, আপিল ৮ থেকে ১২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ হবে ১০ জানুয়ারি।
ইউপি নির্বাচনে ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি জানিয়েছে, ইউপি নির্বাচন সামনে রেখে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের চূড়ান্ত তালিকায় যুক্ত করা হয়েছে। তালিকায় নতুন যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। নতুনদেরসহ দেশে ভোটারের মধ্যে নারী ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮, পুরুষ ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং ১ হাজার ২৯৭ জন তৃতীয় লিঙ্গের।
