নিরীক্ষা শেষে আগামী বছর শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: আসাদুল হাবিব দুলু
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা একটি বিশাল প্রকল্প। আমরা এমন কিছু করব না, যা জনগণের অর্থ ব্যয় করে অকার্যকর হয়। তাই পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী বছরই এর কাজ শুরু হবে।
শনিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোড়াপুল এলাকায় সানিয়াজান নদীতে সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আন্তরিক। এ কারণে ইতোমধ্যে এর বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরও বলেন, তিস্তা অববাহিকায় শুষ্ক মৌসুমে পানির সংকট নিয়ে সরকার গঠিত কারিগরি কমিটির কাছে জানতে চেয়েছিলাম। পানি ধরে রাখতে তারা তিস্তা ব্যারেজের ভাটিতে আরেকটি ব্যারেজ নির্মাণের পরামর্শ দিয়েছে। আগামী মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এ বিষয়ে একটি সেমিনারে বিস্তারিত আলোচনা হবে। এর আগে সকালে লালমনিরহাটের হাতীবান্ধার ডাউয়াবাড়িতে জেলার প্রথম সমতলের চা বাগান ও কারখানা পরিদর্শন করেন দুর্যোগমন্ত্রী। পরে দুপুরে পাটগ্রাম থানার নতুন ভবন এবং বিকালে উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এ সময় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজীব প্রধানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
