ডিএসসিসির হেরিটেজ রান
পরিচ্ছন্ন ঢাকা গড়ার আহ্বান
যুগান্তর প্রতিবেদন ও সবুজবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ে তোলার আহ্বান জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘হেরিটেজ রান’। শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত এ দৌড়ে এক হাজারের বেশি মানুষ অংশ নেন। ঢাকার ৪১৬ বছর পূর্তি ও ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষ্যে ডিএসসিসির মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসাবে এ আয়োজন করা হয়। ১ আগস্ট শুরু হওয়া এ উৎসব চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
সকাল ৭টায় মতিঝিলের শাপলা চত্বর থেকে হেরিটেজ রান শুরু হয়। প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ-সদস্য হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। শাপলা চত্বর থেকে শুরু হয়ে কাকরাইল, রমনা, শাহবাগ, কাটাবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশী, লালবাগ কেল্লা ও শহিদনগর হয়ে সোয়ারীঘাটে গিয়ে হেরিটেজ রান শেষ হয়। অংশগ্রহণকারী প্রত্যেককে ডিএসসিসির পক্ষ থেকে পদক ও সনদ দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে খেলাধুলার পাশাপাশি দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ডিএসসিসির এ উদ্যোগের মাধ্যমে ঢাকার ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে আরও পরিচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, হেরিটেজ রানে অংশ নিয়ে নাগরিকরা ঢাকার বাস্তব চিত্র দেখেছেন। কোথাও ভালো রাস্তা, কোথাও ভাঙাচোরা, আবার কোথাও বৃষ্টিতে কর্দমাক্ত পরিবেশ রয়েছে। এসব বাস্তবতার মধ্যেই নগরবাসীর জীবনযাত্রা আরও সুন্দর করতে হবে।
তিনি বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। নগরবাসী যত্রতত্র ময়লা না ফেললে এবং ব্যবসায়ী ও বাসিন্দারা সহযোগিতা করলে ঢাকাকে আরও সুন্দর রাখা সম্ভব।’ আবদুস সালাম বলেন, প্রতিবছর এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে। পুরান ঢাকাকে পর্যটনকেন্দ্র হিসাবে গড়ে তোলার পাশাপাশি সাইকেলের জন্য আলাদা লেন এবং হাটা ও দৌড়ের উপযোগী পথ তৈরির পরিকল্পনাও রয়েছে।
এদিকে একইদিন রাজধানীর সবুজবাগ থানাধীন রাজারবাগ কালীমাতা মন্দির প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, মাদক সমাজের সবচেয়ে বড় সমস্যা। এ সমস্যা নির্মূল করা না গেলে উন্নয়ন করেও মানুষের নিরাপত্তা ও রাষ্ট্রের প্রতি আস্থা নিশ্চিত করা সম্ভব হবে না। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। দলের পরিচয়ে কেউ পার পাবে না।
