কলেজ শিক্ষার্থীকে লাঞ্ছনা
যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ
Advertisement
যশোর ব্যুরো
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এক কলেজশিক্ষার্থীকে লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ডের সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ হয়েছে। সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান সেজানের অভিযোগ, বোর্ড সচিব তাকে লাঞ্ছিত করেছেন। সেজানের দাবি, সচিব ড. মো. আব্দুল মতিন তাকে মারধর করেছেন। তবে সচিব তা অস্বীকার করেছেন।
এদিকে বোর্ড সচিবের অপসারণ দাবিতে সোমবার এমএম কলেজে বিক্ষোভ মিছিল করেছেন কলেজটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। বিক্ষোভে সংহতি জানিয়ে অংশ নেন যশোর জেলা ও এমএম কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ওই সময় তারা সচিবের অপসারণ, ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে স্লোগান দেন।
জানা যায়, রোববার কলেজটির ইতিহাস বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী সেজান সনদপত্রে বাবা-মায়ের নাম সংশোধনের বিষয়ে কথা বলতে সচিবের কক্ষে যান। সেজানের দাবি, গলায় হেডফোন থাকায় তিনি তাকে লাঞ্ছিত করেন এবং একপর্যায়ে তাকে চড়-থাপ্পড় মারেন।
সেজান বলেন, আমার কোনো অপরাধ থাকলে তিনি আমাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে পারতেন। এমন আচরণের প্রতিবাদে আমি তার পদত্যাগ দাবি করছি।
এ বিষয়ে যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছে এমন আচরণ কাম্য নয়। আমরা অবিলম্বে তার অপসারণ দাবি করছি। দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে, বোর্ড সচিব বলেন, ঘটনার সময় ওই শিক্ষার্থীর দুই শিক্ষক উপস্থিত ছিলেন। শিক্ষক হিসাবে পিঠ চাপড়ে তাকে নৈতিকতার শিক্ষা দিয়েছি মাত্র। সেটাকে ট্যাগিং করা কাম্য নয়।
