চাঁদা না দেওয়ার জের
বরিশালে ইজারাদারকে কোপাল যুবদল নেতার লোকরা
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের লাহারহাটে ফেরিঘাট ইজারাদার সাইফুল ইসলাম খানের কাছে চাঁদা দাবি করেছিলেন সদর উপজেলার টঙ্গিবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাসেল। চাঁদা না পেয়ে দলবল নিয়ে ইজরাদারের ওপর হামলা চালান তিনি। এতে ইজারাদার সাইফুল ও সঙ্গে থাকা রেজাউল করিম, সরোয়ার হোসেন, আল আমিন, নয়ন মল্লিক ও সজল খলিফা আহত হন। গুরুতর আহত রেজাউলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর অন্যদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় লাহারহাট ফেরিঘাট টার্মিনালে এ ঘটনা ঘটে। ইজারাদার অভিযোগ করেন, চলতি বছরের শুরুতে বিধি অনুসরণ করে টেন্ডারের মাধ্যমে তিনি ফেরিঘাট টার্মিনালের ইজারা পান। শুরু থেকেই মেহেদী হাসান রাসেল, তার সঙ্গী রনি হাওলাদার, রাজন খান, ইব্রাহিম মল্লিক, রাজিব এই ইজারা তাদের পাইয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে মাসিক ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় বুধবার এই হামলা হয়। রাসেল ১৫-২০ জন সঙ্গী নিয়ে অতর্কিত আমাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে আমার লোকজনকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। আমি কোনোভাবে পাশের দোকানে ঢুকে বন্দর থানায় ফোন করে পুলিশের সাহায্য চাই। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগীরা।
