নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সংঘর্ষে গুরুতর আহত ১
Advertisement
জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুগ্রুপে কথাকাটাকাটির জেরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার টিএসসি এলাকায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষে এক ছাত্রদলকর্মী গুরুতর আহত হয়েছেন। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।
আহত লাবিব বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকারের অনুসারী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে টিএসসি এলাকায় দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আহ্বায়ক হাবিব আহমেদের অনুসারীদের সঙ্গে সদস্য সচিব মামুন সরকারের অনুসারী রাশেদুল হাসান রাতুলের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে বিষয়টি কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হলে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষের একপর্যায়ে অগ্নিবীণা ও বিদ্রোহী হলের মধ্যবর্তী এলাকায় কয়েকজনকে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয়। পরে অগ্নিবীণা হলের দিক থেকে এক পক্ষ বিদ্রোহী হলের দিকে ধাওয়া দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদ বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের কেউ ক্যাম্পাসে নৈরাজ্য বা বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমরা তা মেনে নেব না। তারা যাতে কোনোভাবে ক্যাম্পাসে ঢুকে এমন পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব এবং সক্রিয়ভাবে কাজ করব।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, ‘ক্যাম্পাসে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।’
