চেইন টানায় ক্ষুব্ধ
রাবি শিক্ষার্থীকে ট্রেনে হেনস্তা করলেন টিটিই
Advertisement
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে চেইন টানা কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ভ্রমণকালীন টিকিট পরীক্ষক (টিটিই) শারীরিকভাবে লাঞ্ছনা ও হেনস্তা করেছেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, কোনো হেনস্তার ঘটনা ঘটেনি বরং নিয়ম ভঙ্গের কারণে ওই শিক্ষার্থীকে ন্যূনতম জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মৃন্ময় চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মৃন্ময় চক্রবর্তীর অভিযোগ, কয়েকদিন ধরে সাগরদাঁড়ি ও তিতুমীর এক্সপ্রেস ট্রেন রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে থামছে না বলে জানতে পেরে তিনি স্টেশনে ট্রেনটির চেইন টানেন। মৃন্ময় বলেন, ‘চেইন টানার পর রেলওয়ের কর্মীরা আমাদের ধরে ফেলেন। আমরা ভুল স্বীকার করে ক্ষমা চাই এবং রেলের নিয়ম অনুযায়ী জরিমানা বা শাস্তি মেনে নেওয়ার কথা বলি। কিন্তু এর আগে আমাদের কটূক্তি, গালিগালাজ, শারীরিকভাবে লাঞ্ছিত ও হুমকি দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘চেইন টানা আমাদের ভুল হয়েছে। আমরা বারবার ক্ষমা চেয়েছি। রেলের আইনে যে শাস্তি আছে, সেটাও মেনে নিতে আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু সেই ভুলের কারণে কোনো শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত, অপমান বা হুমকি দেওয়া কোনোভাবেই কাম্য নয়।’ শিক্ষার্থীকে হেনস্তা বা মারধরের অভিযোগ অস্বীকার করেছেন রেলওয়ের মহাপরিচালক (পশ্চিম অঞ্চল) ফরিদ আহমেদ। তিনি বলেন, ‘নিয়ম ভঙ্গ করায় ওই শিক্ষার্থীকে কোনো ধরনের হেনস্তা করা হয়নি। আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে তাকে ন্যূনতম জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।’ এর আগে, গত ২১ জুলাই ট্রেনে রসিদ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদে প্রায় ১০ ঘণ্টা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা চার দফা দাবি জানান। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে সব দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার দাবি ছিল। এর পরিপ্রেক্ষিতে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস ও তিতুমীর এক্সপ্রেস ট্রেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতি দেবে বলে প্রজ্ঞাপনও জারি করা হয়।
