Logo
Logo
×

Advertisement

খবর

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিদেশি নাগরিকসহ নিহত ৪

আরও পাঁচ জেলায় ৭ প্রাণহানি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বিদেশি নাগরিকসহ চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে বনানীতে দুজন এবং পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় শাশুড়ি ও পুত্রবধূ রয়েছেন। শুক্রবার রাতে দুর্ঘটনা দুটি ঘটে। আরও পাঁচ জেলায় সড়কে প্রাণ গেছে ৭ জনের। তাদের মধ্যে মানিকগঞ্জের শিবালয়ে মা-মেয়ে, টাঙ্গাইলের মির্জাপুরে দুই স্কুলছাত্র, নওগাঁর মহাদেবপুরে ভ্যানচালক, জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেলচালক এবং কুষ্টিয়ার দৌলতপুরে বৃদ্ধ রয়েছেন। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

ঢাকা ও হাজারীবাগ : কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত মোটরসাইকেলের দুই আরোহী হলেন রাইড শেয়ারিং চালক খালেদ সাইফুল্লাহ ও পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরালিওনের নাগরিক মাইকেল। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বনানীর আমতলী মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত মাইকেল ঢাকায় কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ছিলেন। তার ভিসার মেয়াদ শেষ হয়েছিল। শুক্রবার তিনি স্কুল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। শনিবার নিজ দেশে ফিরে যাওয়ার কথা ছিল তার। আর খালেদ সাইফুল্লাহর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। এদিকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় নিহতরা হলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের মা ও তার স্ত্রী আফরোজা আকতার শান্তা। তারা ঢাকা জেলার কদমতলী থানার শ্রীধারা এলাকার বাসিন্দা। শুক্রবার রাত ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

মানিকগঞ্জ : নিহতরা হলেন শিবালয় উপজেলার জাফরগঞ্জ পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে সনিয়া ও তার শিশুকন্যা জান্নাত। শনিবার শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

সনিয়ার স্বামী আবুল হোসেন জানান, শনিবার সকালে পরিবার নিয়ে মোটরসাইকেলে কর্মস্থল টাঙ্গাইলের উদ্দেশে রওয়ানা হন তিনি। টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উলটোপথে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা গোল্ডেন লাইন পরিবহণের বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে তার স্ত্রী কোলে থাকা শিশুসহ পড়ে যান। তারা গুরুতর আহত হন। তাদের শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সনিয়াকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটিও মারা যায়।

টাঙ্গাইল ও মির্জাপুর : রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় নিহতরা হলো মির্জাপুরের জামুর্কি গ্রামের ডালিমের ছেলে রুদ্র ও গাজীপুরের সফিপুর এলাকার পঞ্চুর ছেলে ঝলক। শনিবার জামুর্কি বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

মহাদেবপুর (নওগাঁ) : ভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত আব্দুস সামাদ ওরফে ভোলা মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। শনিবার উপজেলার বসনা ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জয়পুরহাট : যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত আকাশ মণ্ডল জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। শনিবার জয়পুরহাট-পাঁচবিবি-হিলি সড়কের পাঁচবিবি পৌর শহরের নাকুরগাছিতে দুর্ঘটনাটি ঘটে।

দৌলতপুর (কুষ্টিয়া) : বাইসাইকেলে গাড়ির ধাক্কায় নিহত কিফাত মোল্লা দৌলতপুর উপজেলার শেহালা মাঠপাড়া এলাকার মৃত দবির মোল্লার ছেলে। শনিবার শেহালা মাঠপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিদেশি নাগরিকসহ নিহত ৪

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিদেশি নাগরিকসহ নিহত ৪

সিলেটে প্রধান বিচারপতি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না

৪৫ কোটি টাকা বকেয়া নরসিংদীতে তিন ফ্যাক্টরির গ্যাস লাইন বিচ্ছিন্ন

নরসিংদীতে তিন ফ্যাক্টরির গ্যাস লাইন বিচ্ছিন্ন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাজেকগামী গাড়িপ্রতি ভাড়া বাড়ল ৫০০ টাকা

সাজেকগামী গাড়িপ্রতি ভাড়া বাড়ল ৫০০ টাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম