সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষক পদ
ভেরিফিকেশনে বাদ পড়া জাহিদ চাকরি পেলেন
Advertisement
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনে বাদ পড়া মো. জাহিদ হাসান চাকরি পেয়েছেন। নতুন প্রকাশিত নিয়োগের তালিকায় জাহিদের নাম এসেছে।
সোমবার ওয়েবসাইটে নিয়োগের বিষয়টি দেখতে পান জাহিদ। এতে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। এর আগে নিয়োগ থেকে বাদ পড়ায় তার পরিবারের সদস্যরা ভেঙে পড়েন।
নিয়োগ পাওয়ার পেছনে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে জাহিদ বলেন, ‘আমার বিপদের সময় গণমাধ্যমে খবরগুলো প্রকাশিত না হলে হয়তো আমি নিয়োগ পেতাম না। এ জন্য আমি গণমাধ্যমের কাছে কৃতজ্ঞ।’ ২৬ সেপ্টেম্বর যুগান্তরে ‘ভেরিফিকেশনে বাদ বিশেষ চাহিদাসম্পন্ন রাবি শিক্ষার্থী জাহিদ, ভেঙে পড়েছেন মা-বাবা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। গত ৮ ফেব্রুয়ারি শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশিত হয়। সেখানে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ৮৩ জনের মধ্যে মেধাক্রমে ৫৪তম ছিলেন জাহিদ। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন কোটায়ও আবেদন করেছিলেন। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর নিয়োগপত্র পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি।
তবে পুলিশ ও এনএসআইয়ের ভেরিফিকেশন শেষে প্রকাশিত নিয়োগের তালিকায় জাহিদের নাম ছিল না। নিজের বা পরিবারের কারও বিরুদ্ধে মামলা কিংবা রাজনৈতিক পদপদবি না থাকার কথা জানিয়ে ভেরিফিকেশনে বাদ পড়ার কারণ জানতে চেয়েছিলেন তিনি। নতুন প্রকাশিত নিয়োগের তালিকায় তার নাম যুক্ত হওয়ায় অপেক্ষার অবসান হলো। জাহিদ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা।
