চট্টগ্রাম বন্দর
৭ ঘণ্টা পর ডেলিভারি কার্যক্রম চালু
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম বন্দরে প্রায় ৭ ঘণ্টা পর পণ্যবাহী কনটেইনার ডেলিভারি কার্যক্রম শুরু হয়। সোমবার বিকাল ৩টায় বন্দরের নিরাপত্তা কর্মীরা পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধর করায় চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ করে দেয় পরিবহণ শ্রমিকরা। পরে বন্দর ভবনে পরিবহণ মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠন, পুলিশ কর্মকর্তা ও বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে এক বৈঠক শেষে রাত ১০টায় শ্রমিকরা আন্দোলন স্থগিত করলে পণ্য পরিবহণ শুরু হয়। মঙ্গলবার পরিবহণ শ্রমিক ও মালিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবিসংবলিত স্মারকলিপি নিয়ে বন্দর চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন নেতারা। বিকাল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংগঠনের নেতারা বন্দর চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে ছিলেন।
প্রাইম মুভারস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল খায়ের বলেন, বন্দরের গেট পাশের অতিরিক্ত ফি আদায় বন্ধ করা, চালকদের পুরোনো কিছু গেটপাশ কার্ড সচল করাসহ বেশ কিছু দাবি রয়েছে। এসব দাবি স্মারকলিপি আকারে জানানো হয়েছে। বন্দর কর্তৃপক্ষ সেগুলো পূরণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।
এর আগে সোমবার বিকাল ৩টার দিকে চট্টগ্রাম বন্দরে গেট পাশের ফি ৫৭ টাকার বদলে ৮০-১০০ টাকা পর্যন্ত নেওয়ার প্রতিবাদ করায় পণ্যবাহী ট্রেইলর কর্মী মোকতার হোসেনকে মারধর করেন নিরাপত্তা কর্মীরা। ওই সময় আশিকুর রহমান নামে বন্দরের এক নিরাপত্তা কর্মীও আহত হন বলে অভিযোগ পাওয়া যায়। এরপর থেকে বন্দরের গেটগুলো দিয়ে কনটেইনারবাহী লরি, প্রাইম মুভার চলাচল বন্ধ রাখা হয়। ফলে বন্দর থেকে পণ্যবাহী কনটেইনার ডেলিভারি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম যুগান্তরকে বলেন, ‘বন্দরের নিরাপত্তা কর্মী ও পরিবহণ শ্রমিকদের মধ্যে যে ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছিল, এর সমাধান হয়েছে। সোমবার রাত ১০টা থেকে ডেলিভারি কার্যক্রম শুরু হয়।’
