বাস-ইজিবাইক সংঘর্ষ
ছেলেসহ দুইজন নিহত আহত মা-বাবা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ইজিবাইক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বাস ভাঙচুর করে মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এছাড়া দুর্ঘটনায় পাঁচ স্থানে প্রাণ হারিয়েছেন আরও ছয়জন। তাদের মধ্যে ঢাকায় অটোযাত্রী, নারায়ণগঞ্জে নারীসহ দুজন, ময়মনসিংহে বাইক আরোহী, চট্টগ্রামে পথচারী ও বরিশালে বৃদ্ধ রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
মানিকগঞ্জ : নিহতরা হলেন-ঘিওর উপজেলার মৌহালী গ্রামের শাহীনের ছেলে ইয়াসিন আরাফাত ও একই গ্রামের মোজাহারের ছেলে অটোরিকশাচালক বাবলু মিয়া। দুর্ঘটনায় ইয়াসিনের মা রোজিনা ও বাবা শাহীন মিয়া আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঘিওরের মৌহালী গ্রাম থেকে পরিবারে তিন সদস্য নিয়ে শাহীন মিয়া অটোরিকশায় বরংগাইল হাটের দিকে যাচ্ছিলেন। পথে সেলফি পরিবহণের বাস পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন আরোহী ইয়াসিন।
গুরুতর আহত চালক বাবলুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বাসটি ভাঙচুর করে মহাসড়ক অবরোধ করেন। আন্দোলনকারীদের অভিযোগ, সেলফি পরিবহণের একের পর এক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পরিবহণটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্থানীয়রা বিভিন্ন সময়ে মানববন্ধন করেছেন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন। কিন্তু তাদের অভিযোগ, এসব উদ্যোগের পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অবরোধকারীদের সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভিডিও কলে কথা বলেন। পরিবহণটির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
ঢাকা : যাত্রাবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় অটোযাত্রী যুবক শামীম হাওলাদার প্রাণ হারিয়েছেন। তিনি মুরগির দোকানের কর্মচারী ছিলেন। বৃহস্পতিবার ভোরে যাত্রবাড়ী চৌরাস্তা মোড়ে তিনি দুর্ঘটনার শিকার হন। নিহত শামীমের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া থানার পূর্ব টিয়াখালী গ্রামে। তার বাবার নাম মৃত শাহজাহান হাওলাদার। তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রনিসিটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নারায়ণগঞ্জ : রূপগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রূপগঞ্জের মৈকুলী এলাকার বাসিন্দা শাহনাজ বেগম এবং একই এলাকার রিফাত হোসেন।
ত্রিশাল (ময়মনসিংহ) : ত্রিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার কালীর বাজার রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার খাস মথুরাপুর বড়বাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ডে বাস চাপায় অজ্ঞাতনামা পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল ও বাকেরগঞ্জ : বাকেরগঞ্জে সড়ক পার হওয়ার সময় দুই অটোরিকশা চাপায় বৃদ্ধ আব্দুল মন্নান মল্লিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল-বরগুনা আঞ্চলিক মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলা মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মন্নান মল্লিক উপজেলার গারুড়িয়া ইউনিয়নের জিনিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত শামসুল হক মল্লিকের ছেলে।
