দুর্ধর্ষ মান্নান বাহিনীর কাণ্ড
মাদক পাচার দেখে ফেলায় হামলা, শিশু গুলিবিদ্ধ
Advertisement
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের টেকনাফে মিনাবাজার সীমান্ত দিয়ে মাদক পাচারের দৃশ্য দেখে ফেলায় স্থানীয় জয়নালের বাড়িতে ঢুকে গুলিবর্ষণ ও হামলা চালানোর অভিযোগ উঠেছে দুর্ধর্ষ মান্নান বাহিনীর বিরুদ্ধে। এ সময় দুই শিশু-কিশোর গুলিবিদ্ধ ও ছুরিকাহত হয়েছে। গুরুতর আহত শিশু আহমেদ নুরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার রাত ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকার হাফেজ জয়নালের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলো-মিনাবাজার এলাকার রাজা মিয়ার ছেলে আহমদ নুর এবং মোস্তাকের ছেলে আরাফাত। উভয়েই চাচাতো ভাই হয়। ভুক্তভোগীদের চাচা হাফেজ জয়নাল জানান, বুধবার রাতে মোস্তাক হোয়াইক্যং মিনাবাজার সীমান্তসংলগ্ন খালে জাঁকিজাল দিয়ে মাছ ধরতে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্ত পেরিয়ে মিনাবাজার এলাকার ইউসুফ আলীর দুই ছেলে মান্নান ডাকাত ও সালেহ ডাকাতকে মাদকের চালান নিয়ে আসতে দেখে ফেলেন মোস্তাক। এরপর মোস্তাক ভয়ে বাড়িতে চলে আসেন। রাত সাড়ে ৮টার দিকে মান্নান ডাকাত ও সালেহ ডাকাতের নেতৃত্বে একদল সশস্ত্র লোক মোস্তাকের বাড়িতে হামলা চালায়। এ সময় পাশের বাড়ির শিশু আহমেদ নুরের পেটে গুলি লাগে এবং আরাফাত ছুরিকাঘাতে আহত হয়। পুলিশ আসছে সংবাদ পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ নুরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত আরাফাত কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার দুপুরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক হাফিজ জানান, ৯৯৯-এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, মিনাবাজারের ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
