হুমায়ুন-ত্রিবেদী বৈঠক
প্রধানমন্ত্রীর ভারত সফর পরিবেশ তৈরি হলেই
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে আশাবাদ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তারা দুজনই ইতিবাচক মন্তব্য করেছেন। পরে তারা সাংবাদিকদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘দুদেশের মধ্যে বিদ্যমান চ্যালেঞ্জগুলো সংলাপের মাধ্যমে সমাধান করা সম্ভব এবং পারস্পরিক অনুকূল পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর অনুষ্ঠিত হবে। আমি খুবই আশাবাদী, আমরা খুব শিগগিরই হয়তো ইতিবাচক ফল পাব। পারস্পরিক সম্মানের ভিত্তিতে অনুকূল পরিবেশ তৈরি হলে আমরা এ সফর করব।’ প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর হুমায়ুন কবিরের সঙ্গে এই প্রথম বসলেন দীনেশ ত্রিবেদী।
প্রধানমন্ত্রীর ভারত সফর কবে হতে পারে-এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, অনুকূল পরিবেশ তৈরি হলে সফরের সময়সূচি নিয়ে আলোচনা করা হবে। নভেম্বরে সফর হতে পারে-এমন জল্পনা নিয়ে মন্তব্য করতে তিনি অস্বীকৃতি জানান। তিনি বলেন, আলোচনা চলছে। তবে গুজবের ভিত্তিতে আমি কোনো মন্তব্য করতে পারি না। ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সম্ভাব্য ঢাকা সফর নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী।
এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর যথাসময়ে হবে বলে মন্তব্য করেন। সফর নিয়ে তাড়াহুড়া নেই বলেও জানান তিনি।
আসছে নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য তারিখ হয়েছে কিনা জানতে চাইলে ত্রিবেদী বলেন, ‘আমাদের আমন্ত্রণ দেওয়া আছে। এটা নিয়ে কোনো তাড়াহুড়ার দরকার আছে বলে মনে হচ্ছে না। সবকিছু ইতিবাচক। তবে আমাদের অবশ্যই যথাযথ সময় দিতে হবে। একটা সময়ের মধ্যে সব ইতিবাচক হবে।’
ত্রিবেদী বলেন, ‘কোনো কিছু নিয়ে প্রশ্ন নেই। আমি ও প্রতিমন্ত্রী ইতিবাচক। বাংলাদেশের মানুষ ইতিবাচক। উভয় পক্ষে রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। কাজের মাধ্যমে অগ্রগতি হবে। আমরা খুব আশাবাদী।’
তিনি বলেন, ‘কবিরের (প্রতিমন্ত্রী) সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক হয়ে গেছে। আমাদের খুব ভালো আলোচনা হলো। সব সময় একটা পজিটিভিটি আছে। কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে কথা হয়নি। আজকে যা কথা হয়েছে-আমি খুশি।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর নিয়ে ভারতের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানোর বিষয়টিও উল্লেখ করেন ত্রিবেদী।
