মেঘনায় বিএনপির দুই গ্রুপে টেঁটাযুদ্ধ, আহত ২০
কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাংগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে টেঁটাযুদ্ধ হয়েছে। এ সময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ইউনিয়নের নলচর গ্রামে রবি ও বারেক গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নলচর গ্রামবাসী বৈঠকে যুবদল নেতা রবিউল্লাহ রবিকে একক প্রার্থী চূড়ান্ত করেন। একই গ্রামের বাসিন্দা ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি আব্দুল বারেক প্রধানও বৈঠকে রবিকে সমর্থন করেন। তবে পরে বারেক প্রধান নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে ঘোষণা করেন। এ নিয়ে রবি ও বারেক গ্রুপের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং বারেক প্রধানের ছেলে মহসিন পুলিশ নিয়ে সোমবার রাতে রবির সমর্থকদের ধাওয়া করেন। এ ঘটনা কেন্দ্র করে মঙ্গলবার উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে রয়েছেন ইউনিয়ন ছাত্রদল নেতা শহিদুল্লাহ, যুবদল নেতা ওয়াসিম প্রধান, ছালমা আক্তার, জয়মালা আক্তার, শরুফা আক্তার ও চালিভাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল সরকার, আলী হোসেন প্রধান, আরিফ প্রধান, আনোয়ার প্রধান ও মুক্তার হোসেন। এদের মধ্যে ছালমা আক্তার ও জামাল সরকারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অভিযোগ রয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসন করছেন যুবদল নেতা রবি।
মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বারেক প্রধানের পক্ষে পুলিশ রবির লোকজনকে ধাওয়া করেছে জানতে চাইলে, বিষয়টি অস্বীকার করে ওসি বলেন, পুলিশ একটি মামলার বিষয়ে তদন্তে গিয়েছিল। পুলিশ কারও পক্ষ নেওয়ার কোনো সুযোগ নেই।
