চাঁপাইয়ে বাড়িতে ককটেল বিস্ফোরণ, উড়ে গেল চাল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর নরোশিয়া গ্রামে একটি বাড়িতে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির দেওয়াল ধসে গেছে ও টিনের চাল উড়ে গেছে। সোমবার রাত ৮টার দিকে ওই গ্রামের ইউনূস আলীর ছেলে ইয়াহিয়ার বাড়িতে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর ওই বাড়ির সদস্যরা পলাতক আছেন।
স্থানীয়দের দাবি, বাড়িটিতে বিপুলসংখ্যক ককটেল মজুত ছিল। ঘটনার পর বিস্ফোরণের কারণ ও ককটেল মজুতের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়দের কেউ কেউ প্রায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের কথা বললেও ঠিক কতটি বিস্ফোরিত হয়েছে তা জানাতে পারেনি পুলিশ, বিজিবি কিংবা গোয়েন্দা সংস্থা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ককটেলগুলো কীভাবে সেখানে এলো এবং কারা এর সঙ্গে জড়িত তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবির সদস্যরা। বর্তমানে ঘটনাস্থলে বিজিবি সদস্য মোতায়ন রয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।
