মাদারগঞ্জে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে তোড়জোড়
Advertisement
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরের মাদারগঞ্জ ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে। প্রকল্পটির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় মাঠপর্যায়ে সক্রিয় হয়েছে সরকার। পরিকল্পনা বিভাগের এক চিঠিতে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডকে (আরপিসিএল) এ বিষয়ে জানানো হয়। একই সঙ্গে চিঠিতে প্রকল্পটি অনুমোদিত সময়সীমার মধ্যেই শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব নূর আহমেদ এবং উপসচিব আহসান সাদী প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় অংশ নেন।
পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব নূর আহমেদ যুগান্তরকে বলেন, সরকারের হায়ার অথরিটির নির্দেশে প্রকল্পটি দ্রুত সক্রিয় করে কাজ এগিয়ে নেওয়ার জন্যই আমরা সরেজমিন পরিদর্শনে এসেছি। প্রকল্পটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে প্রকল্পের একটি বড় অংশের কাজ সম্পন্ন হয়েছে। তাই অবশিষ্ট কাজ দ্রুত শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কিছু সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা সমাধানে ইতোমধ্যে অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছে এবং সে অনুযায়ী অগ্রগতি হচ্ছে। একই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকল্প কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে কাজের গতি আরও ত্বরান্বিত করতে হবে।
