Logo
Logo
×

Advertisement

খবর

বেপরোয়া কিশোর গ্যাং

রাজশাহীতে বাড়ছে অপরাধ ও আতঙ্ক

মাদক, ছিনতাই, চাঁদাবাজি যৌন হয়রানি ও প্রকাশ্যে মারধর * হটস্পট শিক্ষাপ্রতিষ্ঠান পদ্মাপাড়-চিড়িয়াখানা, পার্ক ও ফ্লাইওভার এলাকা * শনাক্তে মেসেঞ্জার গ্রুপে নজরদারি, অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী

Advertisement

Icon

তানজিমুল হক, রাজশাহী

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজশাহী নগরীতে অঞ্চলভেদে গড়ে উঠেছে কিশোর গ্যাং। ছিনতাই, মারধর, সংঘবদ্ধ হামলা, যৌন হয়রানি, চাঁদাবাজি ও মাদকসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে প্রকাশ্যে হয়রানি, বেপরোয়া মোটরবাইক রেসিং, মাদক বিক্রি ও সেবনও তাদের নিয়মিত কর্মকাণ্ডে পরিণত হয়েছে। এতে নগরবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

অনুসন্ধানে নগরীর বেশ কয়েকটি এলাকাকে কিশোর গ্যাংয়ের হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় তাদের আনাগোনা ও অপরাধ প্রবণতা বেশি। এর মধ্যে রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সিএন্ডবি সড়ক ও বিমান চত্বর, পদ্মাপার ও চিড়িয়াখানা, ভদ্রা পার্ক, লেক এবং ফ্লাইওভার এলাকা।

দুই বছর আগে নগরীতে পাঁচ শতাধিক কিশোর গ্যাং সদস্যের ডাটাবেজ তৈরি করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট। তবে নিয়মিত নজরদারির অভাবে এলাকাভিত্তিক কিশোর গ্যাং সদস্যের সংখ্যা আরও বেড়েছে। আরএমপির একটি সূত্র জানায়, কুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের পর রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনী আরও তৎপর হয়েছে।

৩ জুলাই শাহ মখদুম থানার বোয়ালিয়া সড়কের পাশে কিশোর গ্যাংয়ের সদস্যরা এক রিকশাচালককে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলা হলে আরএমপির একটি দল ছয় কিশোরকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে।

১৯ মে কোর্ট একাডেমি স্কুল ছুটির সময় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে এলোপাতাড়ি মারধর করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। স্কুলের সামনে শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত থাকলেও হামলাকারীদের ভয়ে কেউ এগিয়ে আসেননি। পরে মারধরের ভিডিও ভাইরাল হলে পুলিশ দুই কিশোরকে গ্রেফতার করে।

একই মাসে কাশিয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুপক্ষের সংঘর্ষে কয়েকজন কিশোর হতাহত হয়। এর কয়েকদিন পর চাঁদার দাবিতে অর্ধশতাধিক কিশোর সরকারি কর্মকর্তা নুরুল ইসলামের বাড়িতে ভাঙচুর চালায়। ২ আগস্ট বোয়ালিয়া থানা এলাকায় এক অনার্সপড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি, ভয়ভীতি ও হুমকির অভিযোগে তিন কিশোরকে গ্রেফতার করে পুলিশ।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, কিশোর গ্যাংয়ের সন্ত্রাস, মাদক ব্যবসা, সেবন ও ছিনতাইসহ নানা অপকর্মের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তাদের কাছে নগরবাসী নিরাপদ নয়। কিশোর গ্যাং শান্তির শহর রাজশাহীর সুনাম নষ্ট করছে।

আরএমপির মুখপাত্র উপকমিশনার গাজীউর রহমান বলেন, গত ছয় মাসে কিশোর অপরাধীদের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। এসব ঘটনায় ১২ কিশোরকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পাঁচজন শিশু। নগরীতে বড় আকারে কিশোর গ্যাং না থাকলেও একই বয়সের ছেলেরা এলাকাভিত্তিক একসঙ্গে আড্ডা দেয়।

তিনি বলেন, স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের একা পেলে কিশোররা বাজে কথা বলে পালিয়ে যায়। কয়েকটি মেসেঞ্জার গ্রুপ শনাক্ত করে নজরদারি করা হচ্ছে। অভিভাবকদের সন্তানদের বিষয়ে সতর্ক করা হয়েছে। কিশোররা যাতে অপরাধে না জড়ায়, সেটিই পুলিশের মূল লক্ষ্য। এ বিষয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বেপরোয়া কিশোর গ্যাং রাজশাহীতে বাড়ছে অপরাধ ও আতঙ্ক

রাজশাহীতে বাড়ছে অপরাধ ও আতঙ্ক

দিল্লির ভয় দেখিয়ে লাভ নেই : ভূমিমন্ত্রী

দিল্লির ভয় দেখিয়ে লাভ নেই : ভূমিমন্ত্রী

মাদারগঞ্জে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে তোড়জোড়

মাদারগঞ্জে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে তোড়জোড়

বাস ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডা বরিশাল ও মাদারীপুরের তিন গ্রামবাসীর সংঘর্ষ

বরিশাল ও মাদারীপুরের তিন গ্রামবাসীর সংঘর্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম