বোয়ালমারীতে তৌহিদি জনতার বাধা উপেক্ষা করে নৌকাবাইচ
Advertisement
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বোয়ালমারীতে স্থানীয় তৌহিদি জনতার বিরোধিতা উপেক্ষা করে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও গ্রামীণ মেলা। শনিবার বিকালে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর বাজারসংলগ্ন কুমার নদে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ ঘিরে নদের উভয়পারে বসে গ্রামীণ মেলা। প্রতিযোগিতা দেখতে নদের দুই পারে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। বিভিন্ন এলাকা থেকে চারটি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।
স্থানীয় সূত্র জানায়, আয়োজনের আগে ‘তৌহিদি জনতা’ নামে একটি গোষ্ঠী নৌকাবাইচ ও মেলার বিরোধিতা করে প্রচার চালায়। তারা মেলাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনুপযুক্ত দাবি করে তা বন্ধের আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং করে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও কিছুটা উত্তেজনাও সৃষ্টি হয়। তবে আয়োজক ও স্থানীয় যুবসমাজের উদ্যোগে পূর্বনির্ধারিত সময়েই নৌকাবাইচ হয়। নৌকাবাইচ ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজন ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য নদের দুপারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নৌকাবাইচ ও মেলায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম মাসুদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সহ-সভাপতি খান আতাউর রহমান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক বায়েজিদ খান রাব্বি প্রমুখ।
