সরকারি প্রাথমিক বিদ্যালয়
সেই মিশনকে নিয়োগের নির্দেশ শিক্ষামন্ত্রীর
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নিজের ভিটেবাড়ি না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগবঞ্চিত ঝিনাইদহের মিশন আচার্যের নিয়োগ চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার মিশনকে সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। এ সময় মিশনের পক্ষে শিক্ষামন্ত্রীর কাছে একটি ডিও লেটার (আধা সরকারি পত্র) দেন তিনি। রাশেদ খানের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, রোববার দুপুর ২টার দিকে মিশনকে সঙ্গে নিয়ে তিনি সচিবালয়ে শিক্ষামন্ত্রীর কার্যালয়ে যান। সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফোন করে মিশনের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করার নির্দেশনা দেন।
ডিও লেটারে রাশেদ খান উল্লেখ করেন, মিশন জন্মলগ্ন থেকেই সদর উপজেলার কলাবাগান এলাকায় বসবাস করছেন। তবে নিজেদের ভিটেবাড়ি না থাকায় তিনি বর্তমানে ওই এলাকায় ভাড়া বাসায় থাকছেন। ছোটবেলা থেকেই পিতৃহীন মিশনকে তার মা অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে পড়াশোনা শেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় (২০২৫) যথাযথভাবে উত্তীর্ণ হন। মানবিক বিবেচনায় বিধি অনুযায়ী তার নিয়োগপত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান রাশেদ খান।
একই পদে সুপারিশপ্রাপ্ত ১৮২ জনের মধ্যে ১৮০ জন ইতোমধ্যে নিয়োগপত্র পেয়েছেন এবং গত বৃহস্পতিবার তারা কর্মস্থলে যোগ দিয়েছেন। শুধু ভিটেবাড়ি না থাকায় মিশন নিয়োগপত্র না পাওয়ায় যোগদান করতে পারেননি।
