হাইকোর্টের আদেশ স্থগিত
৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলই থাকছে
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মালয়েশিয়ায় শ্রম রপ্তানিতে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নেওয়া সনদ প্রত্যাহারের সিদ্ধান্তই বহাল থাকছে। রোববার বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন।
অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ৪৯টি রিক্রুটিং এজেন্ট যাদের লাইসেন্স প্রত্যাহার করা হয়েছিল তা প্রত্যাহারই থাকছে এবং সরকারের সিদ্ধান্ত বহাল থাকছে।
১৯ জুলাই ৪৯টি রিক্রুটিং এজেন্সির সনদ প্রত্যাহার করে সরকার। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট করা হয়। প্রথম রিট করেন একজন রিক্রুটিং এজেন্ট। পরে ১১ জন রিক্রুটিং এজেন্ট আরেকটি রিট করেন। দুটি রিটের ক্ষেত্রেই হাইকোর্ট স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে একটি রিটের ক্ষেত্রে ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার অপর রিট ক্ষেত্রেও হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়।
লাইসেন্স বাতিল হওয়া ৪৯টি রিক্রুটিং এজেন্সি : বাতিল হওয়া এজেন্সির মধ্যে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী ও মেয়ের মালিকানাধীন দুটি এজেন্সি অরবিটালস এন্টারপ্রাইজ ও অরবিটাল ইন্টারন্যাশনাল রয়েছে। এছাড়া ঢাকা-২০ আসনের সাবেক সংসদ-সদস্য বেনজীর আহমেদের আহমেদ ইন্টারন্যাশনাল, ফেনী-২ আসনের সাবেক সংসদ-সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড এবং ফেনী-৩ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ-সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর ফাইভ এম ইন্টারন্যাশনাল রয়েছে। জনশক্তি খাতের ব্যবসায়ী নূর আলীর ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড এবং মালয়েশিয়া সিন্ডিকেটের আলোচিত রুহুল আমিন ওরফে স্বপনের ক্যাথারসিস ইন্টারন্যাশনালও তালিকায় রয়েছে। লাইসেন্স বাতিল হওয়া বাকি এজেন্সিগুলো হলো-শাহীন ট্রাভেলস, ইরভিং এন্টারপ্রাইজ, হেইডোরি ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত অ্যাসোসিয়েট, ফোর সাইট ইন্টারন্যাশনাল, বিনিময় ইন্টারন্যাশনাল, আকাশ ভ্রমণ লিমিটেড, কিউ কে কুইক এক্সপ্রেস লিমিটেড, ইউনাইটেড এক্সপোর্ট, জিএমজি ট্রেডিং, সাদিয়া ইন্টারন্যাশনাল, সুপার ইস্টার্ন লিমিটেড, এলিগ্যান্টস ওভারসিজ, মিডওয়ে ওভারসিজ লিমিটেড, মদিনা ওভারসিজ, আল-খামিস ইন্টারন্যাশনাল, নিউ এজ ইন্টারন্যাশনাল, ডাহমাশি করপোরেশন, গ্যালাক্সি করপোরেশন, সুলতান ওভারসিজ, প্রভাতী ইন্টারন্যাশনাল, ম্যানিসপাওয়ার করপোরেশন, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আহমেদ ইন্টারন্যাশনাল, আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, দরবার গ্লোবাল ওভারসিজ, নাতাশা ওভারসিজ, অপরাজিতা ওভারসিজ, স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড, জান্নাত ওভারসিজ, বিএম ট্রাভেলস লিমিটেড, রুবেল বাংলাদেশ লিমিটেড, বিএনএস ওভারসিজ, ট্রান্স এশিয়া ইন্টিগ্রেট সার্ভিসেস, আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালট্যান্সি, ব্রাদার্স ইন্টারন্যাশনাল, অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি, থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড, জেজি আলফালাহ ম্যানেজমেন্ট, ইম্পেরিয়াল রিসোর্সেস, পিআর ওভারসিজ ও এমইএফ গ্লোবাল বাংলাদেশ।
