খুলনায় ছেলের পর এবার বাবাকে গুলি করে হত্যা
Advertisement
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার রূপসার দুর্জনীমহল গ্রামে ছেলে জয় ঢালীকে হত্যার শোক কাটিয়ে ওঠার আগেই এবার বাবা আক্তার ঢালীকে (৬০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৫ আগস্ট রাতে ছেলেকে গলা কেটে হত্যার এক মাস ২০ দিন পর সোমবার সন্ধ্যায় একই এলাকায় বৃদ্ধ বাবাকে গুলি করে হত্যা করা হয়। এমন হত্যাকাণ্ডে পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের শহীদের মোড় সংলগ্ন নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন আক্তার ঢালী। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর আগে ১৫ আগস্ট রাত সোয়া ৯টার দিকে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) দুর্জনীমহল শহীদের মোড়ের একটি চায়ের দোকানের সামনে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে একদল লোক। ওই ঘটনায় জয়ের মা নাসিমা বেগম রূপসা থানায় হত্যা মামলা করেন। পুলিশ ওই মামলার প্রধান আসামিসহ বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছিল। ছেলের পর এবার বাবাকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয়রা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। খবর পেয়ে রূপসা থানা পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রূপসা থানার ওসি আনোয়ার জাহিদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পূর্বশত্রুতা বা ছেলে হত্যার মামলার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাব ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
