নোয়াখালীতে ভুল চিকিৎসার অভিযোগে হাসপাতালে ভাঙচুর
Advertisement
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীতে হাম নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুই মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে শিশুটির স্বজনরা হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছেন। সোমবার বেলা সোয়া ৩টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দফায় দফায় ভাঙচুরের ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম ফাতেমা হাসান রিমি। সে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর মুন্সি মিয়া চৌকিদার বাড়ির রবিউল হাসান ও উম্মে সালমা দম্পতির সন্তান। জানা যায়, সোমবার বেলা ২টার দিকে রিমিকে হাসপাতালটিতে নেওয়া হয়।
স্বজনদের দাবি, শিশুটিকে ভর্তির পর নার্স ইনজেকশন ও স্যালাইন দেন। এর কিছুক্ষণ পর রিমির শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে অক্সিজেনের প্রয়োজন হলে হাসপাতালে অক্সিজেন নেই বলে জানানো হয়। পরে তার মৃত্যু হয়। শিশুটির মা উম্মে সালমার অভিযোগ, চিকিৎসক ও নার্সের ভুল চিকিৎসা ও অবহেলায় তার মেয়ের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের ভেতরে ও বাইরে ভাঙচুর চালায়। খবর পেয়ে চাটখিল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ইউএনও মিজানুর রহমান ও থানার ওসি আবদুল মোন্নাফ গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। অভিযোগের সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা।
চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিন আক্তার বলেন, শিশুটি এক মাস ধরে অসুস্থ ছিল এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। স্যালাইন চলার সময় শিশুটির মা তাকে বুকের দুধ খাওয়ালে তা শ্বাসনালিতে আটকে যায়। এতে শিশুর পরিস্থিতির অবনতি হয় এবং পরে মারা যায়। শিশুটি নিউমোনিয়ায় আক্রান্তের মতো ছিল। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, মৃত শিশুর স্বজনরা থানায় এসেছেন। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলার সিভিল সার্জন মো. আনোয়ার হোসেন বলেন, শিশুর হাম হয়েছিল। তার মৃত্যুর ঘটনায় কারও কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
চাটখিল ইউএনও মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাওয়ার আগে শিশুটির স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
