খুলনায় সাবরেজিস্ট্রারকে তুলে নেওয়ার ঘটনায় তোলপাড়
Advertisement
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
খুলনা সদর সাবরেজিস্ট্রি অফিসের সাবরেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কর্মস্থল থেকে বের হওয়ার পর দিনে-দুপুরে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। খবর পেয়ে সহকর্মী, দলিল লেখক ও পুলিশ তল্লাশিতে নামার প্রায় আধা ঘণ্টা পর তিনি নিজে একাই অফিসে ফিরে আসেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে লাঞ্চে যাওয়ার জন্য অফিস থেকে বের হন তন্ময়। গেটের সামনে থেকে ৪-৫ জন লোকের একটি টিম তাকে একটি রিকশায় তুলে নেয়। সদর দলিল লেখক সমিতির সহসভাপতি বাহাউদ্দীন জানান, ঘটনাটি জানতে পেরে তারা পিছু ধাওয়া করেন। পথিমধ্যে এক নারী জানান, রিকশা থেকে নামিয়ে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নদীর ঘাটের দিকে নিয়ে যাওয়া হয়। মোটরসাইকেলে নেওয়ার সময় কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী লিটনের মতো একজনকে দেখা গেছে। সন্ত্রাসী লিটন নগরীর মোস্ট ওয়ান্টেড গ্রেনেড বাবুর লোক বলে জানা যায়।
সাবরেজিস্ট্রি অফিসের আরেক কর্মচারী মোহাম্মদ ফারুক হোসেন জানান, বের হওয়ার মুহূর্তে হট্টগোল শুনে অফিসে খোঁজাখুঁজি শুরু হয়। ৯৯৯-এ কল পেয়ে খুলনা সদর থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের (ডিবি) টিম সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও তদন্ত শুরু করে। অবশ্য আধা ঘণ্টা পর রহস্যজনকভাবে অফিসে ফিরে আসেন ওই সাবরেজিস্ট্রার।
