দুই ট্রাকের মাঝে চাপা পড়ে চালক নিহত
পাঁচ স্থানে নারীসহ ঝরল আরও ৮ প্রাণ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দুই ট্রাকের মাঝে চাপা পড়ে খুলনা সিটি করপোরেশনের গাড়িচালক আব্দুস সালাম প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নগরের পাওয়ার হাউজ মোড়সংলগ্ন কেসিসির গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় রাজধানীসহ পাঁচ স্থানে আরও আটজন নিহত হয়েছেন। তাদের মধ্যে রাজধানীতে দুজন, গাজীপুরের টঙ্গীতে পোশাক শ্রমিক, ঢাকায় কাভার্ড ভ্যানচালক, চট্টগ্রামে নারীসহ তিনজন এবং ঝালকাঠিতে পথচারী রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা : কুর্মিটোলা ও যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মিজান বেগম নামে এক নারী এবং শাওন নামে এক বাস চালকের সহকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কুর্মিটোলা হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল দেখে আতঙ্কিত হয়ে আইল্যান্ডে পড়ে যান মিজান বেগম। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান। মিজান কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর গ্রামের আলীর স্ত্রী। একই দিন যাত্রাবাড়ীর কোনাপাড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে শাওন নামে ডিটিএল পরিবহণের বাসচালকের সহকারী নিহত হয়েছেন।
টঙ্গী পূর্ব (গাজীপুর) : টঙ্গীতে ইউনাইটেড পরিবহণের বাসচাপায় রহিমা বেগম নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় আধা ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে গাজীপুরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
খুলনা : নিহত সালাম সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মেছের আলীর ছেলে। বেলা সোয়া ১১টার দিকে বাইরে থেকে গাড়ি চালিয়ে গ্যারেজে প্রবেশ করেন বারেক। তিনি সালামকে গাড়ি সরিয়ে নিতে বললে সালাম তাকেই গাড়ি সরাতে বলেন। এরপর বারেক স্টার্ট দিলে গাড়িটি সামনের দিকে গিয়ে সালামকে ধাক্কা দেয়। দুই গাড়ির মাঝে চাপা পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম : চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তারা হলেন-মোহাম্মদ খলিলুর রহসান, তামান্না সুলতানা ও মাসুম হাসান। বৃহস্পতিবার সকালে ইপিজেড থানা এলাকায় খলিল ও তামান্না কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হন। বুধবার রাতে ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকায় মাসুম হাসান ট্রাক চাপায় মারা যান। তার বাবার নাম রমজান আলী। সকালে মোটরসাইকেলে খলিল ও তামান্না কারখানায় যাচ্ছিলেন। ইপিজেড ৫ নম্বর সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খলিল এনএইচপি ফ্যাশনে ও তামান্না সুলতানা স্মার্ট জ্যাকেট বিডি লিমিটেডে কর্মরত ছিলেন। অন্যদিকে বুধবার রাতে ধনিয়ালাপাড়া এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী মাসুমকে চাপা দেয়।
ধামরাই দক্ষিণ (ঢাকা) : ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে চালক আবুবকর সিদ্দিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুবকর নেত্রকোনার সদর থানার বদনি গ্রামের নুর আলমের ছেলে।
ঝালকাঠি : রাজাপুরে বাসচাপায় পথচারী মতিউর রহমানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মোল্লারহাট এলাকায় বরিশাল-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিউর শুক্তাগড় ইউনিয়নের মোল্লারহাট এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
