চট্টগ্রামের জঙ্গল সলিমপুর
পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪
Advertisement
চট্টগ্রাম ব্যুরো ও সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় শর্টগান, চাইনিজ পিস্তল, গুলি, টেঁটা, চারটি অ্যান্ড্রয়েড ফোন, পাওয়ার ব্যাংক ও চাঁদা আদায়ের তালিকাসংবলিত খাতা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকালে জঙ্গল সলিমপুরের আলীনগর বাহাদুরঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়। শুক্রবার সীতাকুণ্ড মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে অস্ত্র উদ্ধার ও চারজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।
গ্রেফতাররা হলো-মো. মোরশেদ, মো. রাসেল, মো. বাবু ও মো. সাব্বির। তাদের বাড়ি চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায়। তারা বর্তমানে জঙ্গল সলিমপুরে বসবাস করছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, গ্রেফতার চারজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে মো. রাসেল জানান, গোপন তথ্যের ভিত্তিতে জঙ্গল সলিমপুরে আসামিদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানোর নির্দেশ দেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম। তার নির্দেশনায় বৃহস্পতিবার এ অভিযান চালায় পুলিশ।
তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার চারজনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাদের কর্মকাণ্ড সম্পর্কে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
