Logo
Logo
×

Advertisement

খবর

সড়ক বিভাজকে ধাক্কা

বাইক থেকে ছিটকে স্বামী নিহত, আহত নববধূ

সিলেটে ত্রিমুখী সংঘর্ষে ঝরল দুই প্রাণ * তিন স্থানে নিহত আরও ৩

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রবাস থেকে দেশে ফিরেছিলেন নতুন জীবনের স্বপ্ন নিয়ে। দুমাস আগে বিয়ে করে ঘরে তুলেছিলেন প্রিয়তমা স্ত্রীকে। সাজিয়েছিলেন সুখের সংসার। কিন্তু সেই সুখ দীর্ঘস্থায়ী হলো না। স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথেই না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রামের রাউজানের প্রবাসী খোরশেদ আলম। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নববিবাহিত স্ত্রী। শুক্রবার বিকালে রাউজানের বেরুলিয়া এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। সিলেটের ওসমানীনগরে অ্যাম্বুলেন্স-মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে দুই যুবক প্রাণ হারিয়েছেন। এছাড়া দুর্ঘটনায় তিন স্থানে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় অটোরিকশাচালক, নাটোরে ব্যবসায়ী ও দিনাজপুরে যুবক রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রাউজান : চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রীকে নিয়ে একটি কমিউনিটি সেন্টারে গিয়েছিলেন খোরশেদ। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওয়ানা হন তিনি। পথে গহিরা চৌমুহনীর আগে নবীন সেন স্কুলের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে স্বামী-স্ত্রী দুজনই ছিটকে সড়কে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। ১৪ অক্টোবর প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন খোরশেদ।

ওসমানীনগর (সিলেট) : শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার তাজপুর ইউনিয়নের বরায়া চাঁনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সুহেল আহমদ ও খায়রুল ইসলাম। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছয়জন। নিহত সুহেল চাঁদপুর সদর উপজেলার মহামায়া গ্রামের বাসিন্দা এবং খায়রুল মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা। সিলেট থেকে ঢাকাগামী অ্যাম্বুলেন্স ও সিলেটগামী মাইক্রোবাসের শেরপুরগামী অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী সুহেল নিহত হন। আহত সাতজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে খায়রুল মারা যান।

ঢাকা : রমনায় মিন্টো রোডে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে সানোয়ার হোসেন নামে অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার সলঙ্গা গ্রামে। তার বাবার নাম আবদুল করিম।

বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে ভটভটি উলটে আব্দুর রাজ্জাক ব্যাপারী নামের গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার রাতে উপজেলার শ্রীরামপুর আইড়মারী-জোনাইল আঞ্চলিক সড়কের আব্দুল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক ব্যাপারী উপজেলার চান্দাই ইউনিয়নের ভাণ্ডারদহ গ্রামের মৃত সাকিমুদ্দিন মিয়ার ছেলে।

বীরগঞ্জ (দিনাজপুর) : বীরগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে যুবক বিমল দেবনাথের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বিমল উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী এলাকার রাঙ্গালিপাড়া গ্রামের রমেশ দেবনাথের ছেলে। বৃহস্পতিবার রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের বীরগঞ্জ-ঝাড়বাড়ী আঞ্চলিক সড়কের সাহেবগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : কসবায় ট্রাক-পিকআপ সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার তিনলাখপীর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সড়ক বিভাজকে ধাক্কা বাইক থেকে ছিটকে স্বামী নিহত, আহত নববধূ

বাইক থেকে ছিটকে স্বামী নিহত, আহত নববধূ

শরতে কুয়াশা, পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা

শরতে কুয়াশা, পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা

মায়ের ইচ্ছা পূরণে হাতির পিঠে বর

মায়ের ইচ্ছা পূরণে হাতির পিঠে বর

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪

পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম