রাবিতে হল জিএসের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহার দাবি
Advertisement
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। একই সঙ্গে ক্যাম্পাসে অস্ত্রের মহড়া, সাংবাদিকদের ওপর হামলা ও শিক্ষার্থীদের কক্ষে ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দেওয়া স্মারকলিপিতে এসব দাবি জানান শিক্ষার্থীরা। আবেদনে বলা হয়-৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর অস্ত্রের মহড়া এবং দেশীয় অস্ত্রের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসে। প্রতিবাদে প্রতিনিধি ও সচেতন শিক্ষার্থী হিসাবে জিএস আরিফুল ইসলাম ফেসবুকে একটি পোস্ট করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ওই পোস্টকে কেন্দ্র করে সেদিন সন্ধ্যায় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদ জিয়াউর রহমান হলে প্রবেশ করে হামলা চালান। আরিফুলকে না পেয়ে তার কক্ষ ভাঙচুর করা হয়। এ সময় ৮-১০ জন সাংবাদিকের ওপরও হামলা চালানো হয়। তারা গুরুতর আহত হন। আবেদনে আরও বলা হয়, ৯ অক্টোবর প্রকাশিত তদন্ত কমিটির প্রতিবেদনে প্রকৃত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উলটো আরিফুলের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ করা হয়েছে। ফেসবুকে পোস্ট করায় তাকে শাস্তির মুখে ঠেলে দেওয়া হয়েছে। এ বিষয়ে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, আরিফুলকে সর্তক করা যেতে পারে বা বাসায় চিঠি দিতে পারে। কিন্তু ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা যৌক্তিক মনে হচ্ছে না।
