এসপির সঙ্গে কথোপকথনের অডিও
‘আপনার বিষয়ে নেত্রীকে ভালো রিপোর্ট দেব’
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমের সঙ্গে বঙ্গবন্ধু মানবাধিকার রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও কথিত গেরিলা বাহিনীর সভাপতি পরিচয় দেওয়া এক ব্যক্তির কথোপকথনের অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওতে ওই ব্যক্তি নিজেকে বঙ্গবন্ধু মানবাধিকার রক্ষা কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ রুবেল দাবি করেন। ওই ব্যক্তির পরিচয় বা কথোপকথনের স্থান ও সময় বা ওই ব্যক্তির পদবি সম্পর্কে স্বাধীনভাবে কিছুই যাচাই করা যায়নি।
অডিওতে ওই ব্যক্তি নিজেকে গেরিলা বাহিনীর সভাপতি পরিচয় দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি না করতে পুলিশ সুপারকে অনুরোধ করেন। এ সময় তিনি এসপি মাসুদ আলমকে তার বিষয়ে ‘নেত্রী’ শেখ হাসিনার কাছে ভালো প্রতিবেদন দেওয়ার কথাও বলেন।
অডিওতে শেখ রুবেলকে বলতে শোনা যায়, নেত্রী কিন্তু ডিসেম্বরে আসছেন। আমরা কিন্তু পুলিশ হত্যার বিচার করব। আপনি জানেন, আপনাদের অনেক পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। আপনার এখনো অনেক বছর চাকরির বয়স আছে। আপনার কাছে অনুরোধ, আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি করবেন না।
এর জবাবে এসপি মাসুদ আলমকে বলতে শোনা যায়, আমি সবসময় প্রফেশনালিজম মেনটেইন করে চাকরি করেছি। ১৫ বছর তো করেছি। আপনার কোনো স্পেসিফিক বিষয় থাকলে দিয়েন। আমি দেখব। এরপর ওই ব্যক্তি বলেন, আপনার বিষয়ে নেত্রী বা শেখ হাসিনাকে ভালো রিপোর্ট দেব।
এ বিষয়ে কথা বলার জন্য এসপি মাসুদ আলমকে ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রাসেল বলেছেন, এ ধরনের কোনো অডিও সম্পর্কে তারা কিছুই জানে না।
