বগুড়ায় চোর সন্দেহে শ্রমিককে পিটিয়ে হত্যা
Advertisement
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ায় রিপন সরেন (৪৫) নামে এক ইটভাটা শ্রমিককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের চন্ডিহারার চানপাড়ায় এ ঘটনা ঘটে। স্বাভাবিক মৃত্যু হিসাবে লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি পাঠানো হলেও স্বজনরা হত্যা সন্দেহে তা ফেরত পাঠিয়েছে। শনিবার বিকালে সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, এক আদিবাসী শ্রমিকের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রিপন সরেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বামনপাড়া গ্রামের প্রয়াত মেসো সরেনের ছেলে। তিনি বগুড়ার চানপাড়ায় একটি ইটভাটার শ্রমিক ছিলেন। স্থানীয় রেজাউল নামে এক ব্যবসায়ীর দোকান থেকে ঢালাই মেশিন চুরি হয়। এ জন্য রিপন সরেনকে সন্দেহ করা হয়। শুক্রবার সন্ধ্যায় কয়েকজন সরেনকে মারধর করে। একপর্যায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা বা মেশিন ফেরতের শর্ত দেওয়া হয়েছিল। পরে ইটভাটার শ্রমিকদের শয়নকক্ষে সরেনের লাশ পাওয়া যায়। এদিকে শুক্রবার রাতে স্বাভাবিক মৃত্যু হিসাবে সরেনের লাশ অ্যাম্বুলেন্সে তুলে দিনাজপুরের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তবে, লাশে আঘাতের চিহ্ন থাকায় পরিবারের লোকজন তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স চালক লাশ বগুড়ায় ফেরত নিয়ে আসেন। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, রিপন সরেন চানপাড়ার জনৈক ডিউকের ইটভাটার শ্রমিক ছিলেন। চোর সন্দেহে তাকে শাসন ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। পরে তার মৃত্যু হলে লাশ অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে হত্যা সন্দেহ হলে লাশ ফেরত পাঠিয়ে দেওয়া হয়। শনিবার বিকালে লাশ শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে মামলা হয়নি।
