চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ অবশেষে উদ্ধার
Advertisement
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। তবে তার ব্যাগে থাকা ক্যামেরাটি এখনো উদ্ধার হয়নি। সোমবার ঢাকায় অবস্থানরত ওই পর্যটকের হাতে উদ্ধার করা ল্যাপটপটি পৌঁছে দিয়েছে নাটোর পুলিশ। এর আগে রোববার রাতে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
রোববার রাত ১০টার দিকে নাটোর সদর থানায় সংবাদ সম্মেলন করে ল্যাপটপ উদ্ধারের তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এ ঘটনায় অন্তর কুমার সাহা নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
পুলিশ সুপার আরও জানান, ল্যাপটপ উদ্ধারের খবর পেয়ে ক্রিল ল্যান্ডার নাটোরের পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তবে দেশজুড়ে আলোচিত ঘটনার পরও ল্যাপটপটি পাওয়ার তিন দিন পর কেন অমল সাহা পুলিশকে ফেরত দিলেন, তাৎক্ষণিকভাবে এর কোনো সদুত্তর পাওয়া যায়নি।
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান দেখতে আসা জার্মান পর্যটক বগুড়া থেকে লোকাল ট্রেনে সান্তাহার যান। সেখান থেকে বাংলাবান্ধা এক্সপ্রেসে নাটোর রেলস্টেশনে এসে ভুল করে নেমে পড়েন। পরে অন্য ট্রেনে দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার কথা ছিল তার। এ জন্য স্টেশনের অপেক্ষাকক্ষে অপেক্ষা করছিলেন তিনি। এ সময় হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। পরে ওই যুবকের কাছে ব্যাগ রেখে টিকিট কাটতে গেলে ফিরে এসে তাকে আর পাননি। এ ঘটনায় রাতেই নাটোর থানায় অভিযোগ করেন পর্যটক।
