রাজধানীতে দুই বাসের মাঝে পড়ে নারী নিহত
ছয় জেলায় নারী ও শিশুসহ আরও ৮ প্রাণহানি
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ওয়ারীর টিকাটুলিতে দুই বাসের পাল্লাপাল্লিতে ধাক্কা লেগে এক নারীর প্রাণ গেছে। এছাড়া ছয় জেলায় নিহত হয়েছে আরও আটজন। তাদের মধ্যে গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুজন, নারায়ণগঞ্জের আড়াইহাজারে যুবক ও বন্দরে পথচারী, মেহেরপুরে শিশু, লক্ষ্মীপুরে ভ্যানচালক, জয়পুরহাটে মোটরসাইকেল চালক ও মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল আরোহী রয়েছেন। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা : রাজধানীর ওয়ারীর টিকাটুলিতে দুই বাসের পাল্লাপাল্লিতে ধাক্কা লেগে রিনা রানী দাস নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে টিকাটুলি ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দোয়েল পরিবহণের বাসটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ। নিহত রিনার ছেলে প্রণয় ঘোষ জানান, তার ছোট ভাই পৃথু রাজ ঘোষ নবাবপুর স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সোমবার দুপুরে ছেলেকে স্কুলে রেখে হেঁটে বাসায় ফিরছিলেন তার মা। এ সময় টিকাটুলি ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় বন্ধন পরিবহণ ও দোয়েল পরিবহণের দুটি বাসের পাল্লাপাল্লিতে দোয়েল পরিবহণের বাসের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ (গাজীপুর) : অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত শ্যামল রোজারিও কালীগঞ্জ উপজেলার তিরিয়া গ্রামের বাসিন্দা। সোমবার কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নারায়ণগঞ্জ ও বন্দর : আড়াইহাজারে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত সুজন উপজেলার বান্টি এলাকার মালুপাড়ার বাসিন্দা। সোমবার উপজেলার পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে দুর্ঘটনাটি ঘটে। বন্দরে গাড়ির ধাক্কায় নিহত আশরাফুল হক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট চরধরমপুরের শফিকুল ইসলামের ছেলে। সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কুতুবপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
মেহেরপুর : স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে গোল্ডেন পরিবহণের বাসচাপায় পিষ্ট ফাহিম মেহেরপুর সদরের রাজনগর গ্রামের ইসহাক আলীর ছেলে। নিহত ফাহিম রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। সোমবার একই গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
লক্ষ্মীপুর : বালুবাহী ড্রাম ট্রাকচাপায় নিহত আবুল কালাম লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে। সোমবার সদর উপজেলার শাকচর ইউনিয়নের হাজিরবাজারে দুর্ঘটনাটি ঘটে।
জয়পুরহাট : ট্রাকচাপায় নিহত মাহির ওয়াসিফ মিতুল ক্ষেতলাল উপজেলার সহলাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। রোববার রাতে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের জয়পুরহাটের বানিয়াপাড়ায় দুর্ঘটনাটি ঘটে।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) : শ্যামলী পরিবহণের বাসের ধাক্কায় নিহত ফারদিন শ্রীনগর সদর ইউনিয়নের হরপাড়া এলাকার মিলনের ছেলে। সোমবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে সমষপুর ফ্লাইওভারের ঢালে দুর্ঘটনাটি ঘটে।
