সারের ডিলার নিয়োগে অনিয়ম
প্রতিবাদ করায় যুবদল নেতাকে হাতুড়িপেটা
Advertisement
ফরিদপুর ব্যুরো ও নগরকান্দা প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের নগরকান্দায় সারের ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় শেখ খোরশেদ আহমেদ দোলন নামে এক যুবদল নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের হামলায় ওই যুবদল নেতার আরও তিনজন সমর্থকও আহত হয়েছেন। তাদের ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
আহত যুবদল নেতা ওই ইউনিয়নের দুলারডাঙ্গী গ্রামের বাসিন্দা এবং জেলা যুবদলের সদস্য। আহত অন্যরা হলেন-উত্তর গোপীনাথপুর গ্রামের সুমন তালুকদার, গোপালপুর গ্রামের ওয়াজেদ মোল্যা এবং বাড়ৈইডাঙ্গী গ্রামের মোস্তাক আহমেদ কলি মন্ডল।
জানা যায়, সম্প্রতি সারের ডিলার নিয়োগে রামনগর ইউনিয়ন থেকে আবেদন করেন আহত যুবদল নেতা খোরশেদ আহমেদ দোলন ও একই ইউনিয়নের বিএনপি নেতা মান্নান মন্ডলের ছেলে শিবলী সাদিক ওরফে তুষার মন্ডল। তাদের মধ্যে মেসার্স এসএস এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের নামে চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন তুষার মন্ডল। এর পরেই ডিলার নিয়োগে আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগ তোলেন দোলন। এমনকি রোববার নগরকান্দা প্রেস ক্লাবে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনও করেন নিয়োগবঞ্চিতরা।
যুবদল নেতা দোলনের বড় ভাই শেখ ফরিদ আহমেদ মিলনের অভিযোগ, সন্ধ্যায় রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে চায়ের দোকানে বসে ছিল দোলন। ওই সময় হঠাৎ করেই তুষারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দোলনের ওপর হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে কয়েকজন বাঁচাতে গেলে তাদেরও পিটিয়ে আহত করা হয়েছে। মিলন আক্ষেপ করে বলেন, ‘সারাজীবন বিএনপি করে আজ আমরা বঞ্চিত হয়েছি। টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আমার ভাই তার প্রতিবাদ করায় মেরে ফেলার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে এবং মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তাকে যারা বাঁচাতে গিয়েছে প্রত্যেককেই পেটানো হয়েছে।’
এ বিষয়ে মেসার্স এসএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তুষার মন্ডলকে ফোন করা হলে মোবাইলে চার্জ নেই বলে কেটে দেন। পরে আরও কয়েকবার কল করলেও ফোন ধরেননি। এ বিষয়ে নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, মারামারির খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হাতুড়ি দিয়ে পেটানোর বিষয়টি এখনো নিশ্চিত না। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
