মা ইলিশ রক্ষায় একদিনে আটজনের কারাদণ্ড
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মা ইলিশ সংরক্ষণে বরিশাল জেলায় বুধবার ২৩টি অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আটটি নিয়মিত মামলা এবং ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে ২৬৪ কেজি ইলিশ ও পাঁচ লাখ ৩২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
তথ্য অনুযায়ী, বুধবার পরিচালিত ২৩টি অভিযানের পাশাপাশি পাঁচটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পাঁচটি অবতরণকেন্দ্র, ১৮টি মাছঘাট, ১৩টি আড়ত ও ২৯টি বাজার পরিদর্শন করা হয়। এদিকে মেঘনায় মা ইলিশ ধরা ঠেকাতে গিয়ে দফায় দফায় জেলেদের হামলার শিকার হচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী ও মৎস্য কর্মকর্তারা।
অপরদিকে বরিশালে অভিযানে জব্দ করা ২৬৪ কেজি ইলিশের পাশাপাশি পাঁচ লাখ ৩২ হাজার মিটার জাল আটক করা হয়। এসব জালের আনুমানিক মূল্য ১৫ লাখ ৩০ হাজার টাকা। মা ইলিশ সংরক্ষণে ৮-১৪ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানের ক্রমপুঞ্জিত হিসাব থেকে ৮-১৩ অক্টোবরের হিসাব বাদ দিয়ে একদিনের এ পরিসংখ্যান নির্ণয় করা হয়েছে। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান বলেন, অভিযানিক দলের ওপর একাধিকবার হামলা চালিয়েছে অসাধু জেলেরা। এরপর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করে কঠোর অভিযান অব্যাহত রাখা হয়েছে।
এদিকে নিষেধাজ্ঞা সত্ত্বেও থামছে না ইলিশ শিকার। বরিশালের বিভিন্ন নদ-নদীতে রাতের আঁধারে ধরা হচ্ছে মা ইলিশ। এই মাছ ধরা ঠেকাতে গিয়ে জেলেদের দফায় দফায় হামলার শিকার হচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী ও মৎস্য কর্মকর্তারা। গত সাত দিনে একাধিকবার হামলার শিকার হন তারা।
