তরুণ ও কিশোরসহ সড়কে ঝরল ৯ প্রাণ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সড়ক দুর্ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন। বুধবার ও আগের দিন এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেল আরোহী, নাটোরে বৃদ্ধ, চট্টগ্রামে অটোচালক, পাবনায় নারী, খুলনায় ব্যবসায়ী, নীলফামারীতে তরুণ এবং হবিগঞ্জে কিশোর ও মৌলভীবাজারে গাড়িচালক রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল : সরাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-অনুপ কুমার ও আনোয়ারুল আজিম। তাদের দুজনের বাড়ি নরসিংদী জেলা সদরে।
লালপুর (নাটোর) : লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী বৃদ্ধ আজাদ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজাদ আলী উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক শাহজাহান নিহত হয়েছেন। তিনি সীতাকুণ্ড উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্যম মহাদেবপুর আবুল্যার বাড়ির জয়নাল আবেদীনের ছেলে। বুধবার সকালে উপজেলার পৌরসভা সদরের টেকনো ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।
চাটমোহর (পাবনা) : চাটমোহরে অটোরিকশা উলটে বৃদ্ধ হাসিনা খাতুন নিহত হয়েছেন। বুধবার দুপুরে চাটমোহর-টেবুনিয়া আঞ্চলিক সড়কের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত হাসিনা ঈশ্বরদী উপজেলার দিকমারী দেওয়ানপাড়া এলাকার মোস্তফা মোল্লার স্ত্রী।
খুলনা : ডুমুরিয়ায় বাসের ধাক্কায় স্বর্ণ ব্যবসায়ী মিলন কুমার ভদ্রের প্রাণ গেছে। বুধবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন ডুমুরিয়ার শোভনা ইউনিয়নের গাবতলা এলাকার উপেন্দ্রনাথ ভদ্রের ছেলে। তিনি গাবতলা বাজারে স্বর্ণ ব্যবসার পাশাপাশি নার্সারি ব্যবসা করতেন।
জলঢাকা (নীলফামারী) : জলঢাকায় সড়ক দুর্ঘটনায় তরুণ বিশালের মৃত্যু হয়েছে। মঙ্গলবার জলঢাকা পৌরসভাধীন ডালিয়া রোড বটতলীতে এ দুর্ঘটনা ঘটে। বিশাল উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর গ্রামের মৃত মাজেদুল ইসলামের ছেলে।
মাধবপুর (হবিগঞ্জ) : শায়েস্তাগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর আমিরুল ইসলাম তালহার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তালহা লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের বায়েতুল ইসলামের ছেলে।
কমলগঞ্জ (মৌলভীবাজার) : কমলগঞ্জে মোটরসাইকেলসহ খাদে পড়ে মৌলভীবাজার প্রাথমিক শিক্ষা অফিসের অবসরপ্রাপ্ত গাড়িচালক শ্যাম সুন্দর সিংহ প্রাণ হারিয়েছেন। তিনি উপজেলার হকতিয়ারখোলা এলাকার বাসিন্দা। মঙ্গলবার তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
