পাবিপ্রবিতে র্যাগিং
৭ শিক্ষার্থী বহিষ্কার ২ জনকে জরিমানা
Advertisement
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) র্যাগিংয়ের ঘটনায় সাত শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে একজনকে দুই বছর এবং ছয়জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া দুই শিক্ষার্থীকে অর্থদণ্ড করা হয়েছে।
জানা গেছে, র্যাগিংয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও শৃঙ্খলা বোর্ডের সুপারিশের ভিত্তিতে ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৭৭তম রিজেন্ট বোর্ড সভায় শাস্তির অনুমোদন দেওয়া হয়। দুই বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থী হলেন-ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নাজমুস সাকিব। এক বছরের জন্য বহিষ্কৃত ছয় শিক্ষার্থী হলেন-ফার্মেসি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জাহিদ হোসেন সরকার ও একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মিসকাত জাহান মুসফিক, ইউনুস হোসেন হিরাত, সাইদুর রহমান সিফাত ও সানোয়ার হোসেন তানিম। এছাড়া পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইসতিয়াক আহমেদ ইফতিকেও এক বছরের জন্য বহিষ্কার করা হয়। ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামান্না তাজমিম তন্নীকে ১০ হাজার টাকা এবং সোহানুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২১ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের কয়েকজন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে জুনিয়র শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী-পাবনা শহরের বাংলা ক্লিনিক এলাকার একটি মেসে নবীন শিক্ষার্থীদের ডেকে র্যাগিং করেন সিনিয়র শিক্ষার্থীরা। একপর্যায়ে মানসিক চাপে নবীন শিক্ষার্থী মুশফিকুর রহমান তুহিন অসুস্থ হয়ে পড়েন। রাতে তাকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।
