বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, আটক ১
Advertisement
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের বাঁশখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয়ে মো. এহসান প্রকাশ হাসান (৩৫) নামে এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে অপহরণের অভিযোগ করেছে পরিবার। শনিবার রাতে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে তুলে নেওয়া হয়। এর সঙ্গে জড়িত সন্দেহে একজনকে পুলিশ আটক করেছে।
নিখোঁজ মো. এহসান উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ি ২ নম্বর ওয়ার্ডের হাজি নুরুল কবিরের ছেলে। তিনি দীর্ঘ ১২ বছর দক্ষিণ আফ্রিকায় থাকার পর দেশে ফিরে প্রেমবাজারে হার্ডওয়্যারের ব্যবসা শুরু করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে প্রেমবাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে কালো পোশাক ও মুখে কালো মাস্ক পরা চার ব্যক্তি তাকে তুলে নিয়ে যান। তাদের মধ্যে দুজন প্রতিষ্ঠানে ঢুকে এহসানকে হাতকড়া পরিয়ে নিয়ে যান। অন্য দুজন বাইরে অবস্থান করছিলেন। তাদের পোশাকে এসআরবির লোগো (ফেক) ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রথমে সিএনজিচালিত অটোরিকশায় করে নাপোড়া থেকে কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং হাজি বাজারে নেওয়া হয়। পরে সেখান থেকে অন্য একটি অটোরিকশায় তাকে চকরিয়ার বরইতলী নতুন রাস্তার মাথার দিকে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
এহসানের চাচাতো ভাই জসিম উদ্দিন বলেন, আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি, এসআরবি পরিচয়ে যারা আমার ভাইকে নিয়ে গেছেন, তারা প্রকৃত এসআরবির সদস্য নন। কারা এবং কী কারণে তাকে নিয়ে গেছে, সে বিষয়ে আমরা কিছুই জানি না। আমাদের মনে হয় আমার ভাইকে অপহরণ করা হয়েছে।
বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, ‘ব্যবসায়ী এহসানের পরিবারের অভিযোগের ভিত্তিতে পেকুয়ার নেজাম উদ্দিন প্রকাশ রেজু (৪২) নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন যুগান্তরকে জানান, ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় এসআরবির সদস্য জড়িত নন। বিষয়টি নিয়ে আমরাও তদন্ত নেমেছি।
