দুই যুবকসহ সড়কে ঝরল ৪ প্রাণ
তিন স্থানে দুর্ঘটনায় পর্যটকসহ আহত ২৫
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সড়ক দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন। শনিবার ও রোববার এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সিলেটে বাইকচালক, কুড়িগ্রামে ব্যবসায়ী, কিশোরগঞ্জে শিশু, চট্টগ্রাম ও রাঙামাটিতে দুই যুবক রয়েছেন। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় রাঙামাটির সাজেকে, হবিগঞ্জের নবীগঞ্জ এবং পিরোজপুরের কাউখালীতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
জকিগঞ্জ (সিলেট) : জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক ফরহাদ আহমদ নিহত হয়েছেন। রোববার সকালে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি বারঠাকুরী ইউপির বারগাত্তা গ্রামের আব্দুস সুবহানের ছেলে।
কুড়িগ্রাম : কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিরাশার মৃত্যু হয়েছে। রোববার সকালে চিলমারী উপজেলার তেলিয়াপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরাশা উলিপুর উপজেলার মাঝিপাড়ার পেমান্দ দাশ পরবারের ছেলে।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : পাকুন্দিয়ায় অটোবাইক চাপায় শিশু ইভার মৃত্যু হয়েছে। রোববার ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইভা উপজেলার সুখিয়া ইউনিয়নের কোশাকান্দা গ্রামের সোহেল মিয়ার মেয়ে।
মীরসরাই (চট্টগ্রাম) : মীরসরাইয়ে কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় যুবক রিয়াজের মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার সোনাপাহাড় এলাকার ঘরতাকিয়ায় এ দুর্ঘটনা ঘটে। রিয়াজ রাঙামাটি সদর উপজেলার কলেজ গেট এলাকার আব্বাস আলীর ছেলে।
রাঙামাটি : রাঙামাটিতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক সোহেল চাকমার মৃত্যু হয়েছে। শনিবার বিকালে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি রাঙামাটির বরকল উপজেলার বড় হরিণা ইউনিয়নের রাঙ্গাপানিছড়া এলাকার পূর্ণজীবন চাকমার ছেলে। তিন যুবক মোটরসাইকেলে রাঙামাটি শহর থেকে আসামবস্তি সড়ক দিয়ে বড়াদম এলাকার মোরঘোনার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। এদিকে, বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি উলটে ১৩ জন আহত হয়েছেন। রোববার সকালে সিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জ উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার সৈয়দপুর বাজারসংলগ্ন জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজন নারী রয়েছেন।
কাউখালী (পিরোজপুর) : কাউখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে কাউখালীর বেকুটিয়া সেতুর ওপারে উত্তর শিয়ালকাঠী নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
