‘আজ থেকে এই গল্প শেষ’
দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা
Advertisement
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের চিরিরবন্দরে একটি বাড়ি থেকে গৃহবধূ ও তার দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন-মোস্তফাপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে শাকিলের স্ত্রী স্বর্ণা আখতার, তাদের ছেলে সাফায়েত হোসেন ও মেয়ে রাইসা আখতার।
স্থানীয়রা জানান, শাকিল পেশায় একজন ইজিবাইকচালক। তিনি মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বাগ্বিতণ্ডা ও ঝগড়া লেগে থাকত। রোববারও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাকিল বাজারে চলে যান। সন্ধ্যার দিকে দুই সন্তানকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন স্বর্ণা আখতার। অনেকক্ষণ তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করেন শাকিলের মা। কিন্তু ভেতর থেকে সাড়া না পেয়ে পরে প্রতিবেশীদের কয়েকজন এসে ঘরের দরজা ভেঙে তিনটি লাশ দেখতে পান।
স্থানীয়দের ধারণা, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বর্ণা দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তিনি নিজে গলায় ওড়না প্যাঁচিয়ে ফাঁস দেন।
ঘরের দেওয়ালে লেখা কয়েকটি বাক্যও পাওয়া গেছে। এতে লেখা ছিল, ‘আজ থেকে এই গল্প শেষ। আমার সন্তানদের পুলিশের কাছে দেন না। আমি অভাগী মা নিজে মারছি। আমাদের লাশ পলাশবাড়ী মাটি দেন। শাকিল যেন না ছোঁয়। মা-বাবা সরি আই লাভ ইউ।’
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শাকিলকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
