ছিনতাইকারীর ডেরায় ৩২ ধরনের চোরাই পণ্য
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে এক ছিনতাইকারীর ডেরায় তল্লাশি চালিয়ে ৩২ ধরনের চোরাই পণ্য উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নগরীর লাভলেইন এলাকার দয়াময়ী কালীমন্দির সড়কের ওই ডেরায় তল্লাশি চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এরশাদ নামের ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়।
পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানান, এরশাদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন।
জানা যায়, ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ওআর নিজাম রোডে মো. ইয়াসিন ও তার স্ত্রী হালিমা আক্তার ছিনতাইয়ের শিকার হন। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাদের রিকশার পেছন দিক থেকে এসে ভয়ভীতি দেখিয়ে হালিমার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে দুটি আইফোন, চার হাজার টাকা ও অন্য জিনিসপত্র ছিল।
এ ঘটনায় ইয়াসিন পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্তে পুলিশ এরশাদ নামে এক পেশাদার ছিনতাইকারীর সংশ্লিষ্টতা পায়। পরে সেই ছিনতাইকারীর লাভলেইন এলাকার ডেরায় তল্লাশি চালানো হয়। এ সময় ওই ডেরা থেকে ৩২ ধরনের পণ্য জব্দ করা হয়। এগুলো হলো-১০টির বেশি মোবাইল ফোন, অচল ল্যাপটপ, ট্যাব, নারীদের বিভিন্ন ব্র্যান্ডের ভ্যানিটি ব্যাগ ও হ্যান্ডব্যাগ, মোটরসাইকেল, অলংকার, ৩৫ হাজার টাকা, ১৬টি পুরোনো পেনড্রাইভ, চাবির গোছা ও হেলমেট ইত্যাদি।
