কুষ্টিয়ায় মসজিদে বিএনপি জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি, আহত ৪
Advertisement
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ায় নামাজ-পরবর্তী আলোচনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মিরপুরে কুর্শার তারা চাঁদ মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মসজিদে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।
মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, মসজিদে আলোচনা নিয়ে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে নজরদারি বাড়ানো হয়েছে।
জানা যায়, আসরের নামাজ শেষে ওই মসজিদে দ্বীনি আলোচনা চলছিল। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষ হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হয়। এতে ইউনিয়ন জামায়াত আমির জয়নাল আবেদীন ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক স্বপন শেখসহ চারজন আহত হন। আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান জানান, ‘জামায়াতের লোকজন মসজিদে সাধারণ মানুষকে শপথ পাঠ করাচ্ছিলেন। বিএনপি নেতাকর্মীরা মসজিদে রাজনৈতিক আলোচনা না করার আহ্বান জানালে তাদের কর্মীরা আমাদের কর্মীদের মারধর করে। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়।’ মিরপুর উপজেলা জামায়াতের আমির খন্দকার রেজাউল করিম জানান, ‘রাজনৈতিক আলোচনা নয়; মসজিদে দ্বীনি আলোচনা চলছিল। অন্যায়ভাবে আলোচনায় বাধা দেওয়া হয় এবং হামলার ঘটনা ঘটে।’
