পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই
পিকআপ ভ্যান ভাঙচুর
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্যকে মারধর এবং পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনের বিরুদ্ধে প্রতারণার মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেহেদী হাসান থানার পিকআপ ভ্যান নিয়ে তাকে গ্রেফতার করতে ওই গ্রামে যান।
পুলিশ সদস্যরা সুমনকে গ্রেফতার করে পিকআপে তোলার সময় স্থানীয় একদল লোক তাদের ওপর হামলা চালান। এ সময় দুই পুলিশ সদস্যকে মারধর করে সুমনকে ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করে।
খবর পেয়ে সোনাতলা থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করে থানায় রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
